ঢেমশায় দুর্গোৎসবে সম্প্রীতি: সব ধরনের সহযোগিতার আশ্বাস হাজি ফোরকানের

সাতকানিয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের দক্ষিণ পাড়া তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ সর্বজনীন উৎসব ঘিরে এলাকা জুড়ে বিরাজ করে আনন্দমুখর পরিবেশ।
গতকাল ১৯ অক্টোবর (সোমবার) রাতে পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী হাজি ফোরকান ধর্মীয় সম্প্রীতির এক চমৎকার বার্তা দেন। তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানই আমাদের প্রকৃত পরিচয়। আপনাদের ধর্মীয় উৎসব ও পূজা মণ্ডপে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আপনারা আপনাদের ধর্ম নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পালন করবেন—আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শ্রীযুক্ত বাবু পলাশ সেন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রীযুক্ত তপন চক্রবর্তী।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
ঢেমশা দক্ষিণ পাড়া তরুণ সংঘের চমৎকার ব্যবস্থাপনা, সুশৃঙ্খল পরিবেশ এবং অসাম্প্রদায়িক ভাবগাম্ভীর্যের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সর্বস্তরের দর্শনার্থী ও অতিথিবৃন্দ।










