চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান: মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভুজপুর থানা পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস, দুটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ব্যাটারির বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
চট্টগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ি উত্তর উপজেলার ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকায় গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ারের বিটিএস (বেস ট্রান্সসিভার স্টেশন) কক্ষের তালা ভেঙে চারটি ব্যাটারি চুরি করে দুর্বৃত্তরা। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার অপর একটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা করে।
মামলার তদন্তে পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় ভুজপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন— মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. ইউনুস (৪২)। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
পরে ২৮ অক্টোবর আদালতের অনুমতি নিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম স্বপন (৪৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে আরও একটি মাইক্রোবাস এবং দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. সোহাগ, মো. শামসুদ্দিন ও মো. মোজাম্মেল হকের বাড়ি কুমিল্লার লাকসাম থানার নাউটি এলাকায়; সাহিদ হোসেন প্রকাশ শিবলুর বাড়ি ঢাকার কেরানীগঞ্জ থানার নুরারচর এলাকায়; মো. ইউনুসের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ থানার ঘোষগাঁও এলাকায় এবং মো. সাইফুল ইসলাম স্বপনের বাড়ি কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও ঠাকুরপাড়া এলাকায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে দুটি মাইক্রোবাস, দুটি ভিশন ৪৮ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি (যার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা) এবং চুরির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।
চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।











