চট্টগ্রামে ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন, নগরজুড়ে আতঙ্ক

চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িটিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটিতে কেয়ারটেকার ছাড়া অন্য কেউ বসবাস করেন না। রাতের আঁধারে দুর্বৃত্তরা বাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাউন্ডারি ঘেরা বাড়িটির ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী কারও বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ষোলশহরের বাসভবনে অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। একই রাতে আন্দরকিল্লায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসভবনে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। নওফেলের বাসভবনে ২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিকবার হামলা, অগ্নিসংযোগ ও পুলিশের অভিযান চালানোর ঘটনা ঘটে। তবে আ জ ম নাছিরের বাসায় পুলিশের এ অভিযান প্রথম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। যদিও তাঁর অনুসারীদের প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে।
অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাতে নগরীর নিউমার্কেট মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এবং চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করেন।
এ ছাড়া সন্ধ্যায় কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দেওয়ার ঘটনায় অন্তত সাত নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় ও টেরিবাজারসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীরা পাল্টাপাল্টি শোডাউন করেন। একের পর এক এসব ঘটনায় নগরজুড়ে উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।










