বুধবার চট্টগ্রামের যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

বুধবার চট্টগ্রামের যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

বুধবার চট্টগ্রামের যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
ছবি সংগৃহীত।

গ্যাস বিতরণ পাইপলাইন ও ভাল্বের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রামস্থ ছোট পুল এলাকার হালিশহর পুরাতন রোডে পাইপলাইন ও ভাল্বের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়- হালিশহর ও বিজিবি হালিশহর, হালিশহর সেনানিবাস,
হাজী পাড়া ও নয়াবাজার, শান্তিবাগ, বসুন্ধরা ও শ্যামলি আবাসিক এলাকা, পুলিশ লাইনস, ছোটপোল, বড়পোল ও তৎসংলগ্ন এলাকা।

স্বল্প চাপ থাকতে পারে যেসব এলাকায়- কাজ চলাকালীন আব্বাস পাড়া, চৌধুরী পাড়া, সুন্দরী পাড়া, মইন্না পাড়া ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ চালু করা হতে পারে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।




বোয়ালখালীতে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

বোয়ালখালীতে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধোঁয়াশা
ছবি সংগৃহীত।

বোয়ালখালীতে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে অশোক শীল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে পুলিশ। তবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে দাবি পরিবারের।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কনজুরী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অশোক শীল ওই এলাকার শীল বাড়ির মৃত মণীন্দ্র লাল শীলের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অশোক শীল ছাগল পালন করতেন। প্রতিদিনের মতো রোববার বিকেলে ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাঁর ছোট মেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বিলের জমিতে বাবাকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৌশিক বলেন, ‘বিকেলে অশোক শীলকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘পরিবার এবং চিকিৎসকের বক্তব্যে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। চিকিৎসকের ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তবে পরিবারের দাবি, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’




জুলাই গ্রাফিতিতে নতুন রূপে সাজছে চট্টগ্রাম নগরী

জুলাই গ্রাফিতিতে নতুন রূপে সাজছে চট্টগ্রাম নগরী
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কের দেয়ালে নতুন করে ফুটে উঠছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও প্রতিবাদী গ্রাফিতি। নগরের সৌন্দর্যবর্ধন ও নান্দনিক পরিবেশ তৈরির লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এ কার্যক্রম চলছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় নগরের বিভিন্ন দেয়ালে তরুণ শিক্ষার্থীদের আঁকা প্রতিবাদী ও অনুপ্রেরণামূলক গ্রাফিতিগুলো নতুন করে রং-তুলির আঁচড়ে সাজানো হচ্ছে। এসব চিত্রকর্মে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং নতুন প্রজন্মের স্বপ্ন ও সাহসিকতার বার্তা তুলে ধরা হচ্ছে।

একসময় আন্দোলনকে কেন্দ্র করে নগরের দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়েছিল নানা প্রতিবাদী চিত্রকর্ম ও স্লোগান। সেসব গ্রাফিতি সংরক্ষণ ও নতুন করে দৃশ্যমান করার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন।

গ্রাফিতিগুলো শুধু আন্দোলনের স্মৃতি বহন করছে না, নগরের দেয়ালগুলোকে নান্দনিক করে তুলতেও ভূমিকা রাখছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নগরের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও নাগরিক চেতনার প্রতিফলন ঘটানোর অংশ হিসেবেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চসিকের এ কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। দেয়ালে ফিরে আসা জুলাইয়ের গ্রাফিতিগুলো তারুণ্যের প্রতিবাদ, সাহসিকতা এবং বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্ক্ষাকে নতুন করে সামনে আনছে।




হাওলাপুরী (র.)-এর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা

হাওলাপুরী (র.)-এর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা
ছবি সংগৃহীত।

নেত্রকোণায় ‘হযরত গাউছুল আজম হাওলাপুরী (র.): মানবিকতা ও তরিকত শিক্ষার মহান রূপকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে মাহফিলে তরিকতে গাউছে হাওলা নেত্রকোণা শাখার আয়োজনে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মানবপ্রেম, আত্মশুদ্ধি, আধ্যাত্মিক সাধনা ও তরিকত শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিক ও মানবিক জীবন গঠনে হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা আব্দুল কুদ্দুস হাওলাপুরী (র.) অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর জীবন ও কর্ম শুধু ধর্মীয় পরিমণ্ডলেই নয়, এ অঞ্চলের সাহিত্য-সংস্কৃতি ও বাউল সাধনার ইতিহাসেও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরিফের গদিনশীন পীরজাদা আলহাজ হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী (মা.জি.আ.)। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।

অনুষ্ঠানের শুরুতে হযরত গাউছুল আজম হাওলাপুরী (র.)-এর জীবন, বংশপরম্পরা, শিক্ষাজীবন, আধ্যাত্মিক সাধনা, তরিকত প্রচার এবং মানবকল্যাণে অবদান নিয়ে প্রবন্ধ পাঠ করেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলিউল্লাহ।

প্রবন্ধে তুলে ধরা হয়, চট্টগ্রামের বোয়ালখালীর হাওলা অঞ্চলে জন্ম নেওয়া হাওলাপুরী (র.) দীর্ঘ শিক্ষাজীবনে আরবি, ফারসি, উর্দু, বাংলা ও ইংরেজি ভাষায় গভীর জ্ঞান অর্জন করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে তিনি আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেন। ঢাকার আজিমপুরে পীর হযরত দায়েম পাক (র.)-এর কাছে বায়াত গ্রহণের পর তাঁর নির্দেশনায় চিশতিয়া তরিকার প্রচার ও প্রসারে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে ময়মনসিংহ অঞ্চলের খিলাফত লাভ করে নেত্রকোণার মদনপুরে হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমির (র.) মাজারে এসে ফয়েজ ও বরকত হাসিল করেন এবং আধ্যাত্মিক সাধনা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন।

সভায় বক্তারা আরও বলেন, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটসহ ভাটি অঞ্চলের অসংখ্য মানুষ তাঁর সান্নিধ্যে এসে আধ্যাত্মিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়েছেন। ধর্মীয় শিক্ষা, জিকির-আজকার, আত্মশুদ্ধি এবং মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে তিনি একটি মানবিক সমাজ গঠনের শিক্ষা দিয়েছেন। তাঁর সান্নিধ্য এ অঞ্চলের বাউল ও মরমি সাধকদের জীবনেও গভীর প্রভাব ফেলেছে।

বক্তারা উল্লেখ করেন, হাওলাপুরী (র.)-এর ওফাতের পরও তাঁর প্রদর্শিত আধ্যাত্মিক ও মানবিক শিক্ষার দুই শ বছরের ধারা আজও অব্যাহত রয়েছে। তাঁর সুযোগ্য উত্তরসূরি বর্তমান গদিনশীন পীর হযরত মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী সেই ধারাকে এগিয়ে নিচ্ছেন। নতুন প্রজন্মের কাছে হাওলাপুরী (র.)-এর জীবন, দর্শন ও মানবকল্যাণমূলক অবদান তুলে ধরতে এ ধরনের আলোচনা সভার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও কবি নুরুল ইসলাম ফারুকী ফকির। আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক, গবেষক ও সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, প্রাবন্ধিক, কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক ননী গোপাল সরকার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. আ. চৌধুরী হেলিম, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু ফকির এবং অ্যাডভোকেট ওয়াজিবুল হক ফকির প্রমুখ।

কবি ও সাহিত্যিক তানভীর জাহান চৌধুরী এবং বদরুজ্জামান খান মহব্বতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাওলাপুরী দরবার শরিফের গদিনশীন পীর হযরত মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী (মা.জি.আ.)। সভায় দরবার শরিফের মুরিদ, ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।