কন্যা সন্তানের গলায় ছুরি ধরে ১২ ঘণ্টা জিম্মি করে রাখে মানসিক ভারসাম্যহীন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

আনোয়ারায় পরিবারের সদস্যদের বের করে দিয়ে বসতঘরের দরজা বন্ধ করে ছয় বছরের কন্যা সন্তানের গলায় ছুরি ধরে দিনভর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেন মানসিক ভারসাম্যহীন এক বাবা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে ঘরের টিন কেটে তাঁদের উদ্ধার করেন।
সোমবার (১৬ নভেম্বর) আনোয়ারা সরকারি কলেজের পেছনে লক্ষ্মীনারায়ণ মন্দির-সংলগ্ন ওসমান কলোনিতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. নাছির উদ্দিন (২৮) এবং তাঁর মেয়ের নাম সাকিবা আক্তার। নাছিরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মৃত খুইল্যা মিয়ার ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, দুই সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে প্রায় ১০ বছর ধরে আনোয়ারার ওই কলোনিতে ভাড়া বাসায় থাকছেন নাছির। পেশায় তিনি সিএনজিচালক এবং তাঁর স্ত্রী পোশাকশ্রমিক। ২০২৩ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছেন নাছির। গত চার মাস ধরে ওষুধ সেবন কমিয়ে দেওয়ায় তাঁর আচরণে আবারও অস্বাভাবিকতা দেখা দেয়।
সোমবার সকাল নয়টার দিকে ঘরের দরজায় ছিটকানি লাগিয়ে ভেতরে আটকা পড়েন নাছির। এ সময় তাঁর সঙ্গে মেয়ে সাকিবাও ছিল। দিনভর পরিবারের সদস্যরা তাঁদের বের করার চেষ্টা করেন। তবে দুপুরের দিকে লোকজন জড়ো হতে শুরু করলে হাতে ছুরি নিয়ে তাঁদের ভয় দেখাতে থাকেন নাছির। একপর্যায়ে তাঁর সঙ্গে আটকে থাকা মেয়ের গলায় ছুরি ধরেন তিনি। পরে পরিবারের সদস্যরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে পাশের একটি বসতঘরের টিন খুলে নাছিরের কক্ষে প্রবেশ করে রাতে বাবা ও মেয়েকে নিরাপদে উদ্ধার করে। পরে পুলিশ নাছিরকে থানায় নিয়ে গেলেও পরিবারের সদস্যদের অনুরোধে তাঁকে চিকিৎসার জন্য তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
নাছিরের ভাই মো. শাহজাহান বলেন, ‘২০২৩ সাল থেকে সে মানসিকভাবে ভারসাম্যহীনতায় ভুগছে।’
এ বিষয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ হোসেন বলেন, ঘরের পাশের একটি বসতঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কক্ষে আটকে পড়া বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের অনুরোধে তাঁকে চিকিৎসার জন্য তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।











