কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট

দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ২৮ আগস্ট, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই রাতে শহরের বড় বাজারস্থ ফেডারেশনের কার্যালয়ে নির্বাচন কমিশনের বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মাস্টার বোরহান উদ্দিন চৌধুরী ও নির্বাচন কমিশনার সালাহ উদ্দিনের উপস্থিতিতে বিস্তারিত তফসিল ঘোষণা করেন অপর নির্বাচন কমিশনার সৈয়দ নজরুল ইসলাম।
তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৬ জুলাই, ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও অন্তর্ভুক্তি ২৭-২৮ জুলাই, আপত্তির ওপর শুনানি, অন্তর্ভুক্তি ও নিষ্পত্তি ৩১ জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ আগস্ট, মনোনয়ন ফরম বিতরণ ৩-৪ আগস্ট, মনোনয়ন ফরম দাখিল ৫-৬ আগস্ট, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ৭ আগস্ট, বৈধ মনোনয়ন ঘোষণা ৯ আগস্ট, মনোনয়ন সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১০ আগস্ট, চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ ১০ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহার ১২ আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ আগস্ট এবং প্রতীক বরাদ্দ ১৪ আগস্ট। সর্বশেষ ২৮ আগস্ট, শুক্রবার বহুল কাঙ্ক্ষিত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।
দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণাকালে ফেডারেশনের উপদেষ্টা আলহাজ রফিকুল হুদা চৌধুরী, আলহাজ ফরিদ আহমদ চৌধুরী, আলহাজ ফিরোজ আহমদ ওসমানী, জেবর মুল্লুক, শওকত ওসমান পেয়ারু, ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগরসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোটগ্রহণে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মাস্টার বোরহান উদ্দিন চৌধুরী।
যেকোনো প্রয়োজনে নির্বাচন কমিশনের সদস্যদের সাথে যোগাযোগ করতে ব্যবসায়ী ও ভোটারদের অনুরোধ করা হয়েছে।
সেই সাথে ঘোষিত তফসিলের সময়সূচি অনুসরণ করে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, নির্বাচনসংক্রান্ত যাবতীয় কার্যক্রম সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলমান থাকবে।









