ইনসাফ বিক্রিকারীরা ফ্যামিলি কার্ডের নামে অপকর্মে জড়িত- এমপি সরোয়ার আলমগীর

ফ্যামিলি কার্ডের নামে ইনসাফ বিক্রিকারীরা নানা অপকর্মে জড়িত রয়েছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগকে বিতর্কিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। এ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে প্রতারক চক্র কাউকে বিভ্রান্ত করতে না পারে।
শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অন্যতম প্রধান উদ্যোগ ফ্যামিলি কার্ড। উন্নত বিশ্বের সামাজিক সুরক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে জন্মের পর থেকেই নাগরিকদের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আনা হয়। এর মাধ্যমে জীবনের বিভিন্ন পর্যায়ে মৌলিক অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই মডেল বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য ও সহকারী সমাজসেবা কর্মকর্তা রানা দাশ গুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হোসাইন মুহাম্মদ এমরান। এসময় বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মনসুর চৌধুরী, যুবদলের সেক্রেটারি মোজাহারুল ইকবাল লাভলু উপস্থিত ছিলেন।











