আনোয়ারায় ডিজিটাল প্রযুক্তির প্রত্যয় নিয়ে ‘টেকগো’র যাত্রা শুরু
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

আনোয়ারায় ডিজিটাল প্রযুক্তির প্রত্যয় নিয়ে ‘টেকগো’র যাত্রা শুরু

আনোয়ারায় ডিজিটাল প্রযুক্তির প্রত্যয় নিয়ে ‘টেকগো’র যাত্রা শুরু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন ধরনের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও পণ্য সরবরাহ নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘টেকগো’ নামের একটি প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু করা হয়।

আনোয়ারা ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য মানসম্মত প্রযুক্তিপণ্য ও নির্ভরযোগ্য সেবা পৌঁছানো এবং স্থানীয় তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জাফর-আয়শা ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ সেবক  আশরাফ উদ্দিন সিকদার।
এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি  বলেন, স্থানীয় পর্যায়ে প্রযুক্তির বিস্তার, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান তৈরিতে টেকগোর এই উদ্যোগ একটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

জানা গেছে, তরুণ উদ্যোক্তা তারেক হাসান ইমনের দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে টেকগো। প্রতিষ্ঠানটি কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা ও নেটওয়ার্কিং পণ্য সরবরাহের পাশাপাশি কারিগরি সেবা দেবে। এছাড়া এখানে থাকবে কম্পিউটার সার্ভিসিং, ওয়েবসাইট ডিজাইন, সফটওয়্যার সেবা, ডিজিটাল মার্কেটিং এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম।

ভবিষ্যতে সেবার পরিধি আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করে টেকগো কর্তৃপক্ষ জানায়, মানসম্মত সেবা, গ্রাহকের আস্থা অর্জন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রযুক্তি-সহযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় তারা।




দুর্গোৎসবে তারেক রহমানের পক্ষে চাতুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এড. নুরুল কবির রানার উপহার

দুর্গোৎসবে তারেক রহমানের পক্ষে চাতুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এড. নুরুল কবির রানার উপহার
ছবি সংগৃহীত।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চট্টগ্রামের আনোয়ারার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রায় ৩ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করবে চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদল নেতা এডভোকেট নুরুল কবির রানা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় এলাকায় প্রথম ধাপে ৯০০ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এসব বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন এডভোকেট নুরুল কবির রানা।

জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চাতরী ইউনিয়নের কৈনপুরা, কেঁয়াগড়, সিংহরা, চাতরী নাথ পাড়ায় প্রায় তিন হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পর্যায়ক্রমে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে। পূজার আনন্দ সবার মধ্যে ভাগ করে নেওয়া এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের সহযোগিতায় এসব বস্ত্র বিতরণ করা হবে।

এডভোকেট নুরুল কবির রানা বলেন, ‘দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানেরও প্রতীক। উৎসবের আনন্দ যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি মণ্ডপে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে।’




সাতকানিয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

সাতকানিয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পাইপ-ফিল্টার ঠিকাদার, মধ্যম নয়াপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্য এবং কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী তৌহিদুল ইসলাম মিজবাহর ওপর কথিত কিশোর গ্যাং ও বখাটে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে কেঁওচিয়া ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মো. আজিজ, মো. জামাল, শামসুল ইসলাম, ছিনু আক্তার ও সেতারা বেগম।

বক্তারা বলেন, "তৌহিদুল ইসলাম মিজবাহ দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাঁর ওপর সন্ত্রাসী হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং পুরো এলাকার শান্তি-শৃঙ্খলার ওপর আঘাত। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"

তাঁরা আরও বলেন, "কিশোর গ্যাংয়ের হোতা ফরহাদ, আরিফ, সাইফুল ও শাহেদের দৌরাত্ম্যে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।"

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করা হোক। একই সঙ্গে এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন।"

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।




সাতকানিয়ায় ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সাতকানিয়ায় ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
ছবি সংগৃহীত।

সাতকানিয়ায় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ‘সাতকানিয়ার সচেতন ছাত্র-জনতা’র ব্যানারে সাতকানিয়া থানার সামমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা মিজবাহ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা দাবি করেন, স্থানীয় ছাত্রদল নেতা ফরহাদ ও সাইফুল এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে অবৈধ অর্থের বিনিময়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকের হোসেন রাব্বি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যারা সোচ্চার, আজ তারাই মিথ্যা মামলার শিকার হচ্ছেন। আমরা নিরপরাধ মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

জাতীয় ছাত্র শক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সাতকানিয়ায় মাদক ও সন্ত্রাসের বিস্তার রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে ফরহাদ ও সাইফুলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হয় এবং অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা সাতকানিয়া থানার সামনে কিছু সময় অবস্থান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।