আনোয়ারায় দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

আনোয়ারায় দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর

আনোয়ারায় দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর
নিহত নটু মিত্র

আনোয়ারায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নটু মিত্র (৫৮) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নটু মিত্র উপজেলার বোয়ালগাঁও এলাকার বাসিন্দা হিমাংশু মিত্রের ছেলে।

প্রত্যক্ষদর্শী জাহেদুল ইসলাম জানান, টানেলের গোলচত্বরের পাশ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাতরী চৌমুহনী বাজারের দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহত ব্যক্তিদের মধ্যে একজন মারা যান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




আগুন দেওয়ার পর ক্ষতিগ্রস্ত আমিনুর রহমান চৌধুরীর বাড়ির সামনের দরজার অংশ।

বাঁশখালীতে বিএনপি নেতা আমিন চেয়ারম্যানের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ

বাঁশখালীতে বিএনপি নেতা আমিন চেয়ারম্যানের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর গ্রামের বাড়িতে ককটেল নিক্ষেপ ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার কালীপুর গ্রামে তাঁর বাড়ির সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান আমিনুর রহমান ও তাঁর পরিবার। খবর পেয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বাবুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী জানান, ভোররাত ৪টার দিকে ৩-৪ জন সন্ত্রাসী তাঁর বাড়ির সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখে আতঙ্কে পালিয়ে যান। তিনি বলেন, “বাড়িতে কেউ ছিল না। ভেতরে কাঠের দরজায় আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশীরা পৌঁছে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আগুনে বাড়ির সামনের কিছু অংশ পুড়ে গেছে।”

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।




পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন

পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন
ছবি সংগৃহীত।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন পেয়েছেন সাজ্জাদ হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দলটির পক্ষ থেকে প্রকাশিত দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটির অনুমোদনে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান এবং মেয়র পদে সমর্থিত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে এনসিপি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদে দল-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হলো।

পটিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেনের নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে এনসিপির নির্বাচনী তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। দলীয় সমর্থন পাওয়ায় আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

তবে নির্বাচনের তফসিল ঘোষণা ও আনুষ্ঠানিক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনী অবস্থান স্পষ্ট হবে।




কন্যা সন্তানের গলায় ছুরি ধরে ১২ ঘণ্টা জিম্মি করে রাখে মানসিক ভারসাম্যহীন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

কন্যা সন্তানের গলায় ছুরি ধরে ১২ ঘণ্টা জিম্মি করে রাখে মানসিক ভারসাম্যহীন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস
বাবা-মেয়েকে উদ্ধারের পর আনোয়ারা ফায়ার সার্ভিসের সদস্যরা

আনোয়ারায় পরিবারের সদস্যদের বের করে দিয়ে বসতঘরের দরজা বন্ধ করে ছয় বছরের কন্যা সন্তানের গলায় ছুরি ধরে দিনভর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেন মানসিক ভারসাম্যহীন এক বাবা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে ঘরের টিন কেটে তাঁদের উদ্ধার করেন।

সোমবার (১৬ নভেম্বর) আনোয়ারা সরকারি কলেজের পেছনে লক্ষ্মীনারায়ণ মন্দির-সংলগ্ন ওসমান কলোনিতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. নাছির উদ্দিন (২৮) এবং তাঁর মেয়ের নাম সাকিবা আক্তার। নাছিরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মৃত খুইল্যা মিয়ার ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, দুই সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে প্রায় ১০ বছর ধরে আনোয়ারার ওই কলোনিতে ভাড়া বাসায় থাকছেন নাছির। পেশায় তিনি সিএনজিচালক এবং তাঁর স্ত্রী পোশাকশ্রমিক। ২০২৩ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছেন নাছির। গত চার মাস ধরে ওষুধ সেবন কমিয়ে দেওয়ায় তাঁর আচরণে আবারও অস্বাভাবিকতা দেখা দেয়।

সোমবার সকাল নয়টার দিকে ঘরের দরজায় ছিটকানি লাগিয়ে ভেতরে আটকা পড়েন নাছির। এ সময় তাঁর সঙ্গে মেয়ে সাকিবাও ছিল। দিনভর পরিবারের সদস্যরা তাঁদের বের করার চেষ্টা করেন। তবে দুপুরের দিকে লোকজন জড়ো হতে শুরু করলে হাতে ছুরি নিয়ে তাঁদের ভয় দেখাতে থাকেন নাছির। একপর্যায়ে তাঁর সঙ্গে আটকে থাকা মেয়ের গলায় ছুরি ধরেন তিনি। পরে পরিবারের সদস্যরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে পাশের একটি বসতঘরের টিন খুলে নাছিরের কক্ষে প্রবেশ করে রাতে বাবা ও মেয়েকে নিরাপদে উদ্ধার করে। পরে পুলিশ নাছিরকে থানায় নিয়ে গেলেও পরিবারের সদস্যদের অনুরোধে তাঁকে চিকিৎসার জন্য তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

নাছিরের ভাই মো. শাহজাহান বলেন, ‘২০২৩ সাল থেকে সে মানসিকভাবে ভারসাম্যহীনতায় ভুগছে।’

এ বিষয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ হোসেন বলেন, ঘরের পাশের একটি বসতঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কক্ষে আটকে পড়া বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের অনুরোধে তাঁকে চিকিৎসার জন্য তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।