অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৭ পরিবারের পাশে দাঁড়াল ‘টোয়েন্টি টোয়েন্টি পরিবার’, প্রত্যেককে ৬,৯০০ টাকা সহায়তা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৭ পরিবারের পাশে দাঁড়াল ‘টোয়েন্টি টোয়েন্টি পরিবার’, প্রত্যেককে ৬,৯০০ টাকা সহায়তা

অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৭ পরিবারের পাশে দাঁড়াল ‘টোয়েন্টি টোয়েন্টি পরিবার’, প্রত্যেককে ৬,৯০০ টাকা সহায়তা
ছবি সংগৃহীত।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বান্দরবান জেলা সদরের সামাজিক সংগঠন ‘টোয়েন্টি টোয়েন্টি পরিবার’। সংগঠনটির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৬,৯০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সম্প্রতি অগ্নিকাণ্ডে বসতঘর ও দোকানপাট হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর দুর্দশা লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়। আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলোর দুর্দিনে সংগঠনটির এই সহযোগিতা কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

‘টোয়েন্টি টোয়েন্টি পরিবার’ বান্দরবান জেলা সদরের বিভিন্ন পেশার কর্মজীবীদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করে আসছে।

সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর ওয়াংটিং, বিশিষ্ট ঠিকাদার ইউটিং মং, মং থোয়াই অং, উক্যসিং, মংচিং নু, ডালিমং, চহাই মং, হ্লা এ মং ও মংওয়ে নুসহ বিভিন্ন পেশার অন্যান্য বিশিষ্ট সদস্য।

বড়ইতলী পাড়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে সংগঠনটির সদস্যরা এই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

স্থানীয় পর্যায়ে বিভিন্ন পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটির এমন মানবিক কর্মকাণ্ড দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।




লামা রিপোর্টার্স ক্লাবের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

লামা রিপোর্টার্স ক্লাবের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলার ঐতিহ্যবাহী লামা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে ক্লাবের এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, লামার ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম পুনরায় চালু করা, এলাকার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালন এবং নতুন সদস্য ভর্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালনের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া লামার ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।

সভায় লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অবহেলিত এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। এলাকার উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নে গণমাধ্যমের মাধ্যমে জোরালো ভূমিকা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের পেশাগত সুরক্ষা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভা শেষে স্থানীয় জনসাধারণের কল্যাণ ও এলাকার উন্নয়নে গণমাধ্যম সব সময় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।




লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও হয়রানির অভিযোগ

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও হয়রানির অভিযোগ
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে নিবন্ধিত জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা এবং আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করার গুরুতর অভিযোগ উঠেছে। আদালতের আদেশ লঙ্ঘন করে জুমার নামাজের সময় লোকবল এনে জমিতে নানা ধরনের স্থাপনা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পাঁয়তারা করার অভিযোগ উঠেছে হাসন আলী গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার ৩০৭ নম্বর ফাইতং মৌজার অন্তর্ভুক্ত খতিয়ান নম্বর-৮৪ এবং বিভিন্ন দাগের (যেমন—১২৭২, ১২৭৩, ১২৭৪ নম্বর দাগের অংশবিশেষ) প্রায় ৪ কানি প্রথম শ্রেণির জমি দীর্ঘ ৬৫ বছর ধরে এ কে খান কোম্পানি ভোগদখলে রাখে। পরবর্তীতে এ কে খান ও অন্যান্য ওয়ারিশগণের নিকট থেকে বৈধভাবে খরিদসূত্রে নাজমুল ইসলাম ও রিয়াদুল ইসলাম এর মালিকানা লাভ করেন। বর্তমানে তাঁরা আড়াই কানি জমির শান্তিপূর্ণ ভোগদখলে রয়েছেন। কিন্তু প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও হুমকি দিয়ে আসছে।

জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট আইনি লড়াইয়ে বান্দরবান পার্বত্য জেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা (অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা) দায়ের করেন হাসন আলী। মামলার ১ ও ২ নম্বর বিবাদী জবাব না দেওয়ায় আদালত উল্লেখিত জমিতে শান্তিভঙ্গ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি আগামী ১৪/১২/২০২৬ তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

তবে অভিযোগ উঠেছে যে, বাদীপক্ষ আদালতের এই নির্দেশ তোয়াক্কা করছে না। তাঁরা নিজেরাই আইন অমান্য করে জুমার নামাজের সময় মাদ্রাসা ছাত্র ও দলবল নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছেন এবং আদালতের স্থিতাবস্থা (Status Quo) ভঙ্গ করছেন। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে।

জমির মালিক নাজমুল ইসলাম ও রিয়াদুল ইসলাম বলেন, “আমরা সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মাথা পেতে নেব। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা কোনো বাড়াবাড়ি বা গণ্ডগোলে যাইনি। অথচ প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পেশিশক্তির জোরে জমি দখল ও নানা ধরনের হয়রানি চালিয়ে যাচ্ছে।”

এলাকার প্রবীণ ব্যক্তি ও স্থানীয় সচেতন মহলের ভাষ্যমতে, এ কে খান এই জমির মালিক—এলাকার ছোট-বড় সবাই তা জানেন এবং বৈধ দলিলের মাধ্যমেই প্রকৃত মালিকপক্ষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে তা ভোগ করে আসছে। হঠাৎ করে হাসন আলী ও তাঁর প্রতিপক্ষ ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং আদালতের আদেশ অমান্য করে জমিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার অবিলম্বে আদালতের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন এবং জবরদখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।




ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত।

খাগড়াছড়ির রামগড় সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম এলাকায় অংথৈপ্রু মারমা (৬৬) নামের এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত অংথৈপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ও বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক সদস্য ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথৈপ্রু মারমা। কিন্তু রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে বিষয়টি স্থানীয় বিজিবি বিওপিকে (বর্ডার অবজার্ভেশন পোস্ট) অবহিত করা হয়। পরে বিজিবিও তাঁর সন্ধানে তৎপরতা শুরু করে।

নিহতের ছেলে থৈ অংগ্য মারমা জানান, শনিবার ভোর থেকে গ্রামবাসী ও স্বজনেরা আবারও তাঁর বাবার সন্ধানে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে তাঁর বাবার ঘাসের বস্তাটি দেখতে পান তাঁরা। পরে আশপাশে খোঁজাখুঁজি করে নদীর ওপারে ভারতের অংশে পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান।

তিনি আরও জানান, তাঁর বাবার কপালে জখমের চিহ্ন ছিল এবং তখনো ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮-এস বিডি নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় দ্রুত পৌঁছায়। তবে এর আগেই স্বজনেরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে বাংলাদেশের অংশে নিয়ে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হক জানান, শুক্রবার রাতে ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বিষয়টি জানানো হয় এবং তাঁকে খুঁজে বের করতে সহযোগিতা চাওয়া হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, নিহত অংথৈপ্রু মারমার কপাল ও নাকের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত আইন অনুযায়ী এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিজিবি।