হেফাজতের আপত্তিকে চাপ নয়, গঠনমূলক পরামর্শ হিসেবে দেখছি: ধর্ম প্রতিমন্ত্রী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

হেফাজতের আপত্তিকে চাপ নয়, গঠনমূলক পরামর্শ হিসেবে দেখছি: ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতের আপত্তিকে চাপ নয়, গঠনমূলক পরামর্শ হিসেবে দেখছি: ধর্ম প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত।

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। তাঁকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল সংগঠনটি।

তবে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামি সংগঠনের আপত্তিকে চাপ হিসেবে দেখছেন না ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি বলেছেন, এসব আপত্তি ও পরামর্শকে তাঁরা গঠনমূলকভাবে দেখছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামেয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

হেফাজতের সঙ্গে তাঁর দূরত্বের বিষয়ে জানতে চাইলে শামীম কায়সার লিংকন বলেন, ‘আমি এটিকে দূরত্ব মনে করি না। আমাদের মধ্যে যত যোগাযোগ বাড়বে, ততই এই ব্যবধান কমে আসবে।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের মতো দায়িত্বে এর আগে আমি ছিলাম না। তাই দেশের ওলামা, পীর-মাশায়েখদের সঙ্গে কথা বলা, তাঁদের পরামর্শ নেওয়া এবং তাঁদের চিন্তাভাবনার প্রতিফলন ঘটানোর বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি।’

হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামি সংগঠনের আপত্তির বিষয়ে শামীম কায়সার লিংকন বলেন, ‘এগুলোকে আমরা চাপ হিসেবে দেখি না; বরং গঠনমূলক পরামর্শ হিসেবে দেখি। এ ধরনের পরামর্শ ও চাপ আমাদের ওপর থাকা উচিত। কারণ, এগুলো আমাদের আরও দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করতে উৎসাহিত করে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন বিষয়ে যে পরামর্শ, চাপ বা জনআকাঙ্ক্ষার প্রতিফলন সরকারের কাছে আসে, সেগুলোকে চাপ হিসেবে না দেখে গঠনমূলক পরামর্শ হিসেবে দেখা উচিত। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়া জরুরি, যাতে সরকারের মাধ্যমে কোনো ভুলত্রুটি না হয়।’

হেফাজতে ইসলামের নায়েবে আমির ও হেফাজতে ইসলামের আমিরের পুত্র মুফতি আইয়ুব বাবুনগরী বলেন, শনিবার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী মাদ্রাসায় এসে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর দোয়া নেন।

তিনি বলেন, সাক্ষাৎকালে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, ওলামা-মাশায়েখদের সঙ্গে নিয়ে তিনি ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করতে চান। তিনি কোনো বিশেষ গোষ্ঠীর ধর্ম প্রতিমন্ত্রী নন, বরং সবার ধর্ম প্রতিমন্ত্রী। সবার সঙ্গে মিলেমিশে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছিল হেফাজতে ইসলাম। সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী ওই বিবৃতিতে এ দাবি জানান।




ফটিকছড়ির ভূজপুর পাবলিক হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন মাওলানা নিজাম

ফটিকছড়ির ভূজপুর পাবলিক হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন মাওলানা নিজাম
ছবি সংগৃহীত।

ফটিকছড়ি উপজেলার উত্তর ভূজপুর পাবলিক হাই স্কুলে ছয় মাসের জন্য চার সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন শিক্ষানুরাগী মাওলানা মো. নিজাম উদ্দিন।

রবিবার (৩০ আগস্ট) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি মোসাম্মৎ সারোয়ার বেগম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. এরশাদ উল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান পদাধিকারবলে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

চিঠিতে কমিটির সদস্যদের নির্ধারিত দায়িত্ব ও শর্তাবলি মেনে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।




ফটিকছড়ির সুন্দরপুরে ১৮০ মিটার সড়ক আরসিসি ঢালাইয়ে উন্নয়ন

ফটিকছড়ির সুন্দরপুরে ১৮০ মিটার সড়ক আরসিসি ঢালাইয়ে উন্নয়ন
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মঙ্গল চাঁদ ফকিরবাড়ি সড়কের উন্নয়নকাজ শেষ হয়েছে। উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে ১৮০ মিটার সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নত করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) নির্মাণকাজ চলাকালে সড়কটির উন্নয়নকাজ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল আজম। এ সময় ইউপি সদস্য আলহাজ মোহাম্মদ ইসমাইল, গিয়াসউদ্দিন, জাহাঙ্গীর আলম কোম্পানি, যুবদল নেতা হামিদুল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল জব্বার সিকদার, জাহেদুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সাবেক চেয়ারম্যান শহীদুল আজম বলেন, ‘সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। স্থানীয় জনগণের সুবিধার কথা বিবেচনা করে উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের মাধ্যমে সড়কটির উন্নয়ন করা হচ্ছে। এতে মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব হবে।’ এ উদ্যোগের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

সড়কটির উন্নয়ন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ কমার পাশাপাশি যোগাযোগব্যবস্থা আরও সহজ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




ফটিকছড়িতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

ফটিকছড়িতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টিলাপাড়ায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মোহাম্মদ ইলিয়াস ওরফে ননা মিয়া (৫৫) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কৃষিজমিতে কাজ করার সময় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা ঘটনাটি দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।

পরে স্থানীয় লোকজন তাঁকে মারধর করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ননা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, "ধর্ষণচেষ্টার অভিযোগে কাঞ্চননগর এলাকা থেকে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।"