হাটহাজারীতে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে একটি ভাড়া বাসা থেকে মো. হোসেন (৩০) নামের এক প্রবাসফেরত যুবকের পচন ধরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে হাটহাজারী পৌরসভার ৩ নম্বর আজিমপাড়া এলাকার মাওলানা আমিনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হোসেন উপজেলার মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজি আজিজুল হক বাড়ির আবদুল খালেকের ছেলে। স্ত্রীসহ তিনি গত তিন মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাসার মালিক ভাড়ার জন্য হোসেনকে ডাকতে যান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি পেছনের জানালা দিয়ে হোসেনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। মরদেহটিতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পুলিশের ধারণা, অন্তত দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মামুন ও সাবেক সদস্য আবদুল কাইয়ুম জানান, পারিবারিক কলহের জেরে কয়েক দিন আগে হোসেনের স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে হোসেন একাই ওই বাসায় ছিলেন। দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।








