হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইয়াসিন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ফতেয়াবাদ গার্লস হাইস্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন উপজেলার মধ্যম মাদার্শা গ্রামের মাছুয়াঘোনা এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ফতেয়াবাদ গার্লস হাইস্কুলের সামনে একটি অজ্ঞাতনামা ট্রাক ইয়াসিনের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইয়াসিন ও তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাউজান হাইওয়ে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর ঘাতক ট্রাকটি শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।








