হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেন হাতপাখার জুলফিকার

উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জুলফিকার আলী মান্নান। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে মনোনয়নপত্র দাখিলের প্রাথমিক পর্যায়ে সময়ক্ষেপণের অজুহাতে তাঁর আবেদন গ্রহণ না করার অভিযোগ ওঠে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জুলফিকার আলী মান্নান হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশনার আলোকে আজ তাঁর প্রার্থিতা বৈধতা পায়।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জুলফিকার আলী মান্নান বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রার্থীর সমঅধিকার বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জরুরি। ফটিকছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করছি।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবেন। বিশেষ করে বাগানবাজার থেকে আবদুল্লাহপুর পর্যন্ত এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের আধুনিকায়নের মাধ্যমে ফটিকছড়িকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।








