স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি, ফটিকছড়িতে শ্রেষ্ঠ আবদুল্লাহপুর

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদকে ২০২৫–২৬ অর্থবছরে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের ক্রেস্ট ও স্বীকৃতি সনদ তুলে দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমএএইচ মঈনুল। এ সময় আবদুল্লাহপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদটিকে এ স্বীকৃতি দেওয়া হয়। সংশ্লিষ্ট সেবাগুলোতে ধারাবাহিক কার্যক্রম ও অবদানের ভিত্তিতে আবদুল্লাহপুর ইউনিয়নকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।
এ অর্জনে আবদুল্লাহপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদুল আলম জুয়েল। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিরলস প্রচেষ্টার কারণেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে এ সহযোগিতা অব্যাহত থাকবে।











