স্বর্ণ ও রুপার দাম কমাল বাজুস

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে।
সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সভায় আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪২ হাজার ৯০২ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ২০২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দামও আনুপাতিক হারে কমানো হয়েছে।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট রুপার দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৬ হাজার ৬৫ টাকা এবং ৫ হাজার ১৯০ টাকায়।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুয়েলারি পণ্য বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় এবং নির্ধারিত মজুরি যুক্ত করা বাধ্যতামূলক। বাজুসের এই সিদ্ধান্তের ফলে বাজারে স্বর্ণালঙ্কার ক্রয়ে সাধারণ ক্রেতাদের ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।








