সীতাকুণ্ডে উপজেলা ও পৌর যুবদলের আনন্দ মিছিল, তারেক রহমান ও সালাউদ্দিনকে ধন্যবাদ

সীতাকুণ্ড উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম–৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোঃ সালাউদ্দিনকে কৃতজ্ঞতা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার বিকেল ৩টায় সীতাকুণ্ড উত্তর বাজারে আনন্দ মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন। সমাবেশে নবগঠিত উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে প্রধান অতিথি নিজেও নবনির্বাচিত দুইটি কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সীতাকুণ্ড উপজেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মো. সেলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি ইরফানুল হাসান রকি, সহসভাপতি মো. সালাউদ্দিন টিটু, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন সিকদার।
অপরদিকে সীতাকুণ্ড পৌর যুবদলের নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মো. আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক মহিদুল আলম আবির এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ আলম বাবুল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ সালাউদ্দিন বলেন, যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা একটি সংগ্রামী সংগঠন। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের রাজনীতি বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখার নির্দেশনা দেন।
সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল সীতাকুণ্ড উত্তর বাজার থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী এই আংশিক কমিটিগুলো ঘোষণা করা হয়।








