সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর সমর্থনে বিএনপির উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক মো. আসলাম চৌধুরীর সমর্থনে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাথ পাড়ায় আয়োজিত এই সভায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জোরদারের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
পৌরসভা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নুরুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বক্তারা সংগঠনের তৃণমূল পর্যায়কে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠন এবং প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু এবং পৌর মহিলা দলের সভানেত্রী বেগম মাসুদা খায়ের। নেতৃবৃন্দ বলেন, "জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং এলাকার সুষম উন্নয়নের লক্ষ্যে ধানের শীষকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় মহিলা দলের সহ-সভাপতি মাহফুজা মাওলা লাকি, স্থানীয় সমাজপতি দিলীপ চন্দ্রনাথ ও রাখাল চন্দ্রনাথসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।








