সাতকানিয়ার জোটপুকুরিয়া বাজারের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি ঘোষণা ও বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে জোটপুকুরিয়া বাজার প্রাঙ্গণে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মাহমুদুল হক সওদাগরের সভাপতিত্বে এবং শিক্ষক বিশু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি শেখ আহমদ সওদাগর, সাধারণ সম্পাদক মো. শাহ আলম সওদাগর, উপদেষ্টা মীর আহমদ সওদাগর, জাগির সওদাগর, মোজাফফর সওদাগর, সমীর তালুকদার, শিক্ষক আতিকুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি শেখ আহমদ সওদাগর তাঁর বক্তব্যে বলেন, “বাজারের অবকাঠামোগত উন্নয়ন, অসচ্ছল ব্যবসায়ীদের পুনর্বাসন, বাজার এলাকার আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা জোরদারসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের নতুন কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। বাজারের অগ্রযাত্রায় আমরা সব ব্যবসায়ীর পূর্ণ সহযোগিতা কামনা করছি।”
সাধারণ সম্পাদক মো. শাহ আলম সওদাগর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “বাজারের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আমাদের টিম সবসময় মাঠে থাকবে। দীর্ঘদিন ধরে এই বাজারটি কাঙ্ক্ষিত সরকারি উন্নয়ন সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে। এবার আমরা সব ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে সরকারি-বেসরকারি বরাদ্দের মাধ্যমে বাজারের সার্বিক উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব।”
বাজারের প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাহমুদুল হক সওদাগর নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বলেন, “বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলেও রাতে দোকানে কেউ না থাকার সুযোগে পেছনের দিক ভেঙে চুরি ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। তাই রাতের বেলা প্রতিটি দোকানে অন্তত একজন মালিক বা কর্মচারী অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি।”
এদিকে বাজারের সাধারণ ব্যবসায়ীরা নতুন কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, বাজারের নিরাপত্তা জোরদার এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ ও বাজার সংস্কারে এ নতুন নেতৃত্ব জোরালো ভূমিকা পালন করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।











