লোহাগাড়ায় ৯০ লাখ টাকার সড়ক রক্ষায় গণমাধ্যমকর্মী সাইফুলের উদ্যোগ

লোহাগাড়ায় প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত গারাংগিয়া সড়কটি অতিরিক্ত ভারী যানবাহন ও অবৈধ দখলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সড়কটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ, তুলাতলী, কালু আমিন সিকদার পাড়া, উত্তর আমিরাবাদ চট্টলাপাড়া, পালপাড়া ও চৌরাস্তা মাথা এলাকার ‘বাবে দরবারে গারাংগিয়া সড়ক’টি কয়েক মাস আগে কার্পেটিং করা হয়। সাতকানিয়া-লোহাগাড়া সীমান্ত এলাকার হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কটি নির্মাণের পরপরই এর ওপর দিয়ে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে।
এলাকাবাসী জানান, পার্শ্ববর্তী ইটভাটা থেকে ৩০ টনের বেশি ধারণক্ষমতার ডাম্প ট্রাক ও ইটবাহী ট্রাক নিয়মিত চলাচল করছে। পাশাপাশি আন্তঃজেলা বিভিন্ন এলাকা থেকে ১০ চাকার টাটা গাড়িতে করে অতিরিক্ত বালু পরিবহন করা হচ্ছে। এতে সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙন সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, সড়কের দুই পাশও বিভিন্নভাবে দখল হয়ে গেছে। স্থানীয় কাঠ ব্যবসায়ীরা গাছের গুঁড়ি এনে রাস্তার পাশে স্তূপ করে রাখছেন। এসব গুঁড়ি ট্রাকে ওঠানো-নামানোর সময় সড়কের ওপর চাপ পড়ছে এবং যান চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।
এ ছাড়া ভারী যানবাহনের হাইড্রোলিক হর্নের কারণে এলাকায় শব্দদূষণও বেড়েছে। এতে শিক্ষার্থী, পথচারী ও ছোট যানবাহনের চালকদের ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।
এ পরিস্থিতিতে এলাকাবাসীর পক্ষে গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি সরেজমিন তদন্ত করে সড়কটিতে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল বন্ধ, রাস্তার দুই পাশ দখলমুক্ত এবং সড়কটি রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি অর্থে নির্মিত সড়ক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নষ্ট করতে দেওয়া হবে না। অতিরিক্ত ভারী যানবাহন চলাচল ও রাস্তার পাশে গাছের গুঁড়ি রেখে জনচলাচলে বাধা সৃষ্টি করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের দাবি, সড়কটি পুরোপুরি নষ্ট হওয়ার আগেই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এ সড়কটি ফের সংস্কারের প্রয়োজন হতে পারে।











