লোহাগাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

লোহাগাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লোহাগাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ছবি সংগৃহীত।

লোহাগাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে স্থানীয়ভাবে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ক্রীড়া কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন এবং প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন আখন্দ। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগ, মাঠ ব্যবস্থাপনা, অংশগ্রহণকারী দল, খেলোয়াড়দের নিরাপত্তা এবং সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হয়। নজরুলের সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক, কিশোর অপরাধসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ও পুলিশের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়।

সাংবাদিকরা উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে সরকারি বিভিন্ন কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমকর্মীদের কাছে যথাসময়ে সরবরাহ এবং সংবাদ সংগ্রহে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। 

ওসি মো. আব্দুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। এছাড়া ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠনকল্পে পুলিশ কাজ করছে। অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, প্রশাসনের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ। উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকরা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন এবং লোহাগাড়ার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 
 




রাতদিন চলছে বালু উত্তোলন, অভিযোগের তীর জহির গংয়ের দিকে

রাতদিন চলছে বালু উত্তোলন, অভিযোগের তীর জহির গংয়ের দিকে
ছবি সংগৃহীত।

রাজনীতির আড়ালে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতদিন অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে জাহেদুল ইসলাম জহির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে সরকারি জমি, সংরক্ষিত বনাঞ্চলের আশপাশের এলাকা, কৃষিজমি ও পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুটিবিলা এলাকার ইব্রাহিম ও মোহছেন (প্রকাশ মহাসিন ডাক্তার)-এর দখলীয় জমি, সরকারি পিএফ জমি, ৯ নম্বর ওয়ার্ডের রিজার্ভ এলাকা, নলুবিল, ডলুখাল, হরি খাল, আন্দারি খাল ও পুলং খালসহ অন্তত ১৫-২০টি পয়েন্ট থেকে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের দাবি, দিন-রাত সমানতালে এসব পয়েন্ট থেকে বালু তুলে ডাম্পার ও ড্রাম ট্রাকে করে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।

সরেজমিন পরিদর্শনে অভিযোগ রয়েছে, চুনতি ইউনিয়ন ছাত্রদলের পরিচয় ও রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে জহির ও তার সহযোগীরা এসব বালু উত্তোলন কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের নিয়ে এসব অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রন করছেন ছাত্রদল নামধারী জহির।

স্থানীয় বাসিন্দারা জানান, অবাধে বালু উত্তোলনের ফলে কৃষিজমি, খালপাড় ও আশপাশের ভূমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। কোথাও কোথাও বসতবাড়িও ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ তাদের।

এদিকে বালু পরিবহনে ব্যবহৃত ভারী ডাম্পার ও ড্রাম ট্রাকের কারণে স্থানীয় গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত ভারী যানবাহন চলাচলে বিভিন্ন সড়কে গর্ত সৃষ্টি ও ভাঙন দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, বালু উত্তোলনের প্রতিবাদ করতে গেলে তাদের ভয়ভীতি দেখানো হয়। রাজনৈতিক প্রভাবের কারণে অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না বলেও দাবি করেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার বা ব্যাখ্যা করার সুযোগ অভিযুক্ত জাহেদুল ইসলাম জহিরকে দেওয়া হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, সাংবাদিকরা ২০০ টাকার মালিক, এমবি খরচ লাগলে বলেন, আমি দিবো। আমার বিরুদ্ধে নিউজ লিখেন, দেখি আমার কী করতে পারেন। বালু উত্তোলন ও পাচারের অভিযোগের বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেননি।

স্থানীয়দের প্রশ্ন, সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমির আশপাশে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগ থাকলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন। তারা অবিলম্বে সরেজমিন তদন্ত করে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সচেতন এলাকাবাসীর দাবি, অবৈধ বালু উত্তোলনের স্থানগুলো চিহ্নিত করে দ্রুত অভিযান পরিচালনা করা হলে সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় সড়ক ও জনজীবনও সুরক্ষিত হবে।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি যেকোনো দলের বা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
 




সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আনোয়ারায় যুবদল ছাত্রদলের মিছিল

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আনোয়ারায় যুবদল ছাত্রদলের মিছিল
ছবি সংগৃহীত।

সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারীদের বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এর উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। 

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলা সদরে এই প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইসমাইল বিন মনির এর সঞ্চলনায় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, সরওয়ার হোসেন মাসুদ,জাগির হোসেন,উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ডাক্তার আবুল কাশেম, আব্দুল মঈন চৌধুরী ছোটন,আব্দুল হক, আক্তারুজ্জামান,আবু সালেহ,নুরুল ইসমাল,টিপু চৌধুরী,মিজান,মোজাম্মেল হক, ফেরদৌস, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়া,যুবদল নেতা মোশাররফ হোসেন সোহেল,আমিন,এনাম,নুরুল আলম,ওসমান সিকদার, শাহজাহান,নুরুল কবির রানা, আলফাজুর রহমান আরিফ,তৌহিদ,এরফানুর রশীদ,মঈন উদ্দিন,নয়ন,ফরহাদুর নবী, সাগর, রফিক,এরশাদ,হোসেন,নয়ন,শুক্কুর,মুজিব,রুবেল,আবির হেলাল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আবু তৈয়ব মাহির,মোঃ হাসান, শামসুল ইসলাম,সদস্য মুসা ইসলাম  এরশাদ, রুবেল, বাবলু,সুমন,রিটন,ইসমাইল,জেলা ছাত্রদলের সদস্য মোফাজ্জল হোসেন জুয়েল,শফিউল আলম চৌধুরী, আরফাত, হান্নান, তারেক,সোহেল,আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি ইমরান,সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহিম,সাংগঠনিক সম্পাদক তারেক,বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ তারেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব,যুগ্ম-আহ্বায়ক শেজাম,উপজেলা ছাত্রদল নেতা রাশেদ, রোকন, মালেক, রিহাছ, অনিক,মানিক,শহিদ,আসিফ,সরওয়ার,ফাহিম, সাকিব, বোরহান,শাওন ও নাজিফ।

আনোয়ারা সরকারি কলেজ থেকে বের হয়ে প্রতিবাদ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।




আনোয়ারায় ইটবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৪

আনোয়ারায় ইটবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৪
দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা

আনোয়ারায় ইটবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের কালাবিবির দিঘির মোড়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত ব্যক্তিরা হলেন— কার্তিক ধর (৩০), ইকন ধর (১৯), ইটান ধর (১০) এবং সিএনজি চালক টুন্টু জলদাশ (৩০)। তাঁদের মধ্যে ইকন ধর ও টুন্টু জলদাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা সবাই বাঁশখালী উপজেলার কালিপুর এলাকার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে দ্রুতগতিতে সিএনজি অটোরিকশাটি বাঁশখালীর দিকে যাচ্ছিল। অপরদিকে কালাবিবির দিঘির মোড়ের উত্তর পাশে ইটবাহী ডাম্পার মিনি ট্রাকটি ইউটার্ন নিতে গেলে সিএনজিটিকে ধাক্কা দিয়ে ১০০ হাত দূরে নিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. পায়েল জানান, দুর্ঘটনায় আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং অপর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, "দুর্ঘটনাকবলিত ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"