নাইক্ষ্যংছড়িতে গাড়ির চাকার ভেতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে গাড়ির চাকার ভেতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক

নাইক্ষ্যংছড়িতে গাড়ির চাকার ভেতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একটি পুরোনো জিপ গাড়ি (স্থানীয়ভাবে পরিচিত ‘চাঁন্দের গাড়ি’) থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. জাকারিয়া (২৪) নামে এক চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকায় একটি ইটভাটার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি পুরোনো জিপ গাড়িতে করে মাদক নিয়ে ছেরারকুল থেকে নাইক্ষ্যংছড়ি বাজারের দিকে আসা হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বিছামারা এলাকায় ইটভাটার সামনে সড়কে গাড়িটিকে থামানোর সংকেত দেয় পুলিশ।

পরে চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায়। আটক চালক মো. জাকারিয়া (২৪) নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছেরারকুল এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. রফিক এবং মা নাসিমা আক্তার।

এরপর গাড়িটি তল্লাশি করে পেছনে রাখা অতিরিক্ত টায়ারের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা ও গাড়িটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। পরে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতসহ তাঁকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তার রোধে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।




সংবাদ প্রকাশের পর আলীকদমের শিশু পার্ক পরিদর্শনে ইউএনও, সংস্কারের আশ্বাস

সংবাদ প্রকাশের পর আলীকদমের শিশু পার্ক পরিদর্শনে ইউএনও, সংস্কারের আশ্বাস
ছবি সংগৃহীত।

বান্দরবানের আলীকদম উপজেলার একমাত্র শিশু পার্কের বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশের পর পার্কটি সরেজমিনে পরিদর্শন করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শাফকাত আলী। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি পার্কটির সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং শিশুদের বিনোদনের উপযোগী করে তুলতে দ্রুত সংস্কারের আশ্বাস দেন।

পরিদর্শন শেষে ইউএনও সৈয়দ শাফকাত আলী বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের গুরুত্ব অপরিসীম। আলীকদমের একমাত্র শিশু পার্কটি শিশুদের জন্য আরও আকর্ষণীয়, পরিচ্ছন্ন ও নিরাপদ করে গড়ে তুলতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব। পার্কের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শিশুরা যেন এখানে নির্বিঘ্নে খেলাধুলা ও আনন্দময় সময় কাটাতে পারে, সেটি নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’

এর আগে গত ১৫ নভেম্বর শিশু পার্কটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে পার্কের জরাজীর্ণ খেলার সরঞ্জাম, ভাঙা সীমানাপ্রাচীর, ভেতরে গবাদিপশুর বিচরণ এবং স্থানীয় লোকজনের চলাচলের পথ হিসেবে পার্ক ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছিল।

সরেজমিনে দেখা যায়, পার্কে শিশুদের খেলার জন্য রয়েছে একটি দোলনা, একটি স্লাইড ও দুটি সি-স। এসব সরঞ্জামের বেশির ভাগই পুরোনো ও মরিচা ধরা। কোনো কোনো সরঞ্জামের অবস্থা এতটাই নাজুক যে সেগুলো ব্যবহার করতে গিয়ে শিশুরা দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে পারে। পেছনের বসতিতে যাতায়াতের জন্য সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে পথ তৈরি করা হয়েছে; অথচ পার্কের পাশেই রয়েছে চলাচলের সড়ক।

শিশু পার্ক সংস্কার ও খেলার সরঞ্জাম কেনার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়ার তথ্য নিয়েও প্রশ্ন রয়েছে। গত ২৬ আগস্ট ‘পার্বত্য সংলাপ’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে ইয়াকুব আলী ও মো. ইব্রাহীমের নামে মোট ৬ টন চাল ও ৬ টন গম বরাদ্দের কথা বলা হয়। ভিডিওতে ইয়াকুব আলীর নামে পার্ক সংস্কারের জন্য ৩ টন চাল ও ৩ টন গম এবং মো. ইব্রাহীমের নামে খেলার সরঞ্জাম কেনার জন্য একই পরিমাণ চাল ও গম বরাদ্দের তথ্য উল্লেখ করা হয়।

তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইয়াকুব আলী ও মো. ইব্রাহীম দুজনই তাঁদের নামে বরাদ্দের বিষয়ে অবগত নন বলে জানান। বরাদ্দের বিপরীতে কী কাজ হয়েছে, তা জানতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিভাগের উচাছে মার্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে বক্তব্য চাওয়া হলেও তিনি সাড়া দেননি।

আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও কলেজ শিক্ষক নুরুল সাফা ভূঁইয়া বাবু বলেন, শিশু পার্ক শুধু বিনোদনের জায়গা নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেরও গুরুত্বপূর্ণ অংশ। আলীকদমের মতো পাহাড়ি এলাকায় শিশুদের বিনোদনের সুযোগ সীমিত। তাই একমাত্র পার্কটির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।

কলেজছাত্র সাখাওয়াত হোসেন ফাহিম বলেন, পার্কটি শিশুদের আনন্দ-বিনোদনের জন্য তৈরি হলেও বর্তমানে সেখানে গরু-ছাগল ঘুরে বেড়ায়। মানুষও চলাচলের পথ হিসেবে ব্যবহার করছে। পার্কটি দ্রুত সংস্কার করে শিশুদের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

আলীকদমে শিশুদের বিনোদনের জন্য বিকল্প কোনো পার্ক নেই। তাই নতুন ইউএনওর পরিদর্শন ও উদ্যোগের আশ্বাসের পর পার্কটির সংস্কার কাজ কবে শুরু হবে, সেটিই এখন স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা।




বান্দরবানের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে কাজী নিরুতাজ বেগম

বান্দরবানের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে কাজী নিরুতাজ বেগম
ছবি সংগৃহীত।

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারে একগুচ্ছ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক (কনভেনর) কাজী নিরুতাজ বেগম।

বুধবার (১৮ নভেম্বর) বান্দরবান জেলা ক্রীড়া অফিস পরিদর্শনকালে তিনি এসব উদ্যোগের কথা জানান। এ সময় জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

কাজী নিরুতাজ বেগম বলেন, বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, বান্দরবানের ক্রীড়াঙ্গনের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি স্পোর্টস কনফারেন্স আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা স্থানীয় কৃতী খেলোয়াড়দের জন্য প্রণোদনা ও সংবর্ধনার আয়োজন করা হবে।

জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মংসিং প্রু নজি, কারাতে প্রশিক্ষক উ ক্য হ্লা, ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একিনু মারমাসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত আনন্দ উৎসবে যোগ দেন কাজী নিরুতাজ বেগম। অনুষ্ঠানে ২০ জন শিশুর মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং তাদের উৎসাহিত করেন।




বান্দরবানে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপির কঠোর হুঁশিয়ারি

বান্দরবানে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপির কঠোর হুঁশিয়ারি
ছবি সংগৃহীত।

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বান্দরবান জর্জ কোর্ট সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত কয়েক দিন ধরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বান্দরবানে কোনোভাবেই করতে দেওয়া হবে না। কেউ মিছিল, সভা-সমাবেশের নামে নাশকতার চেষ্টা করলে তাদের ধরে আইনের আওতায় আনা হবে বলে জানান তাঁরা। বান্দরবান জেলা বিএনপি ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য জসীম উদ্দিন তুষার, যুগ্ম আহ্বায়ক রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য ও জেলা পরিষদের সদস্য চনুমং, সদস্য মাওসেতু তচঙ্গ্যা, উম্যাসিং মারমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।