রামুতে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

রামুতে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

রামুতে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ
ছবি সংগৃহীত।

ফুটবল খেলা শেষে রামুর বাঁকখালী নদীতে গোসল করতে নেমে মো. শাহীন (১৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শাহীন মনসুর আলী সিকদার আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তিনি স্থানীয় প্রবাসী নুরুল আমিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা আমিন জানান, সিকদার পাড়া নদীপাড়ের বাদামতলী মাঠে ফুটবল খেলা শেষে শাহীনসহ তিন বন্ধু নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে দুইজন পানির স্রোতে টান অনুভব করলে একজন নদী থেকে উঠে আসতে সক্ষম হয়। তবে শাহীন পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে অনেক চেষ্টা করেও শাহীনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বর্তমানে ডুবুরিরা নদীর বিভিন্ন স্থানে ও পানির গভীর অংশে তল্লাশি চালাচ্ছেন।

নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের অভিযান অব্যাহত রয়েছে।




কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত।

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন আজাদ এমপি।

বুধবার সকালে কুতুবদিয়ার পোল্ডার-৭১ এলাকার রোমাইপাড়া অংশে প্রস্তাবিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, কুতুবদিয়ার উপকূলীয় মানুষের জানমাল ও কৃষিজমি রক্ষায় ধাপে ধাপে আধুনিক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে পোল্ডার-৭১ এলাকায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার ‘সুপার ডাইক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জলোচ্ছ্বাস, জোয়ারের পানি ও উপকূলীয় ভাঙন থেকে কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা সুরক্ষিত হবে।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বেড়িবাঁধের বর্তমান অবস্থা ও দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ.কে.এম শাহাবুদ্দিন, সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুল হক, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরী সদস্য সচিব এমএ সালাম কুতুবী বক্তব্য রাখেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কুতুবদিয়ার প্রায় ৪১ কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধের মধ্যে প্রথম পর্যায়ে পোল্ডার-৭১ এলাকায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকায় আধুনিক ‘সুপার ডাইক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে কুতুবদিয়ার উপকূলবাসী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। নতুন প্রকল্পের মাধ্যমে তাদের সেই দাবির বাস্তবায়নের পথ তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।




মঈন উদ্দিনের প্রার্থিতা ঘোষণায় ঈদগড়ে আশার আলো

মঈন উদ্দিনের প্রার্থিতা ঘোষণায় ঈদগড়ে আশার আলো
ছবি সংগৃহীত।

‎‎​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রামুর ঈদগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন যুবসমাজের আইডল, সমাজসেবক ও শিক্ষকানুরাগী মোহাম্মদ মঈন উদ্দিন। এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তাঁর সততা, মানবিক গুণাবলী ও পরোপকারী মানসিকতার কারণে তাঁকে নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

‎‎​ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফপাড়ার কৃতি সন্তান মঈন উদ্দিন মরহুম মাওলানা ছৈয়দ নুরের সুযোগ্য সন্তান। শিক্ষাজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে মানুষের মন জয় করেছেন। তিনি ২০০৭ সালে ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন। পরবর্তীতে কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা হিসেবে আলিম ও ফাজিল ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ‘ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের’ প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

‎আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রচারপত্রে ‘সততা, দক্ষতা ও সেবা’কে মূল মন্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। ঈদগড় ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল হিসেবে গড়ে তুলতে তাঁর সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার মধ্যে রয়েছে অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি কৃষি, মৎস্য ও রেমিট্যান্স খাতের সঠিক পরিচর্যা ও উন্নয়ন, বেকারত্ব দূরীকরণে যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা, নারী, শিশু ও প্রবীণদের বিশেষ সুরক্ষা এবং সর্বস্তরে জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

‎‎​সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকা এই মানবিক ও শিক্ষানুরাগী তরুণ নেতাকে নিয়ে ঈদগড়ের তরুণ প্রজন্মের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

‎‎চেয়ারম্যান প্রার্থী মঈন উদ্দিন জানান, ঈদগড়ের ৯ ওর্য়াড়ের জনগণের সাথে তাহার সু-সর্ম্পক রয়েছে। পাশাপাশি বিগত দিনে চলার পথে নানা সামাজীক কর্মকান্ডে তিনি অংশ গ্রহণ করে সবার অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। সুতরাং আাগামী দিনে তাদের সুখ দু:খের সাথী হিসাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এমনটা আশা প্রকাশ করেন




ঈদগড়ে বৃক্ষরোপণে ব্যতিক্রমী উদ্যোগ: বিভিন্ন এলাকায় চারা রোপণ করছেন ইউপি সদস্য বেলাল উদ্দিন

ঈদগড়ে বৃক্ষরোপণে ব্যতিক্রমী উদ্যোগ: বিভিন্ন এলাকায় চারা রোপণ করছেন ইউপি সদস্য বেলাল উদ্দিন
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন চলতি বর্ষা মৌসুমে ঈদগড়ের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে গাছের চারা রোপণ করে পরিবেশ সুরক্ষায় অনন্য উদ্যোগ নিয়েছেন।

বর্ষার শুরু থেকেই তিনি বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও পরিবেশবান্ধব প্রজাতির চারা রোপণ করে চলেছেন। কেবল চারা রোপণই নয়, রোপণ করা চারাগুলো যাতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে, সেদিকেও তিনি নিয়মিত নজর রাখছেন।

স্থানীয়দের মতে, এই বৃক্ষরোপণ কর্মসূচির ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষিত হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে উঠবে।

ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, "পরিবেশ রক্ষায় সকলেরই নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেগুলোর সঠিক পরিচর্যা করা প্রয়োজন।" বর্ষা মৌসুমে তাঁর এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয় সচেতন মহল তাঁর এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে ঈদগড়ের বিভিন্ন এলাকায় আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন।