কক্সবাজার সমুদ্রপাড়ে পর্যটন কার্নিভাল আয়োজন ঘিরে চলছে নানা সমালোচনা। ইতোমধ্যে প্রকৃতির সবুজ বেষ্টনী ঝাউগাছ কেটে কার্নিভাল আয়োজন হচ্ছে, এমন অভিযোগ তুলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপাসহ নানা সামাজিক সংগঠন প্রতিবাদ জানিয়েছে। মানববন্ধন, সমাবেশ করেছে।
এসব অভিযোগ আমলে নিয়ে সরেজমিন কার্নিভাল স্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, সিভিল এভিয়েশন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশের একটি দল।
বুধবার (১৮ নভেম্বর) সকালে তারা পর্যটন কার্নিভালের স্থানের চারপাশ ঘুরে দেখেন। কথা বলেছেন আয়োজকদের সঙ্গে।
পরিদর্শনের পর সিভিল এভিয়েশনের এরোড্রাম কর্মকর্তা শিমুল গনী সাংবাদিকদের জানান, বিমান নামার সুবিধার্থে গাছের উপরি ও অতিরিক্ত অংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছাটা হয়েছে। নিয়মিত হয়ে আসা এই কাজটি কার্নিভাল আয়োজনের অনেক আগেই করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, পরিদর্শনকালে কার্নিভালের জন্য গাছ কাটার বিষয়ে যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া যায়নি । ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে কাটা গাছ যেগুলো আছে তা বিমান চলাচলের জন্য আগের কাটা গাছ, যা রুটিন ওয়ার্ক হিসেবে বিবেচিত। এসব গাছ বন বিভাগের হিসেবে সংরক্ষিত রয়েছে। পর্যটন কার্নিভালের কারণে এখানে কোনো গাছ কাটা হয়নি। তবে যেভাবে গাছ কাটার বিষয় প্রচার করা হচ্ছে তার বাস্তবতা এখানে নাই বলে জানান তিনি। তিনি আরো বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনের হাব হিসেবে গড়ে তুলতে কক্সবাজারকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। পর্যটন কার্নিভাল সুন্দর আয়োজনের জন্য ইতিমধ্যেই মিটিং হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষনে অন্যতম জায়গা হবে এই কার্নিভাল।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন খাঁন জানান, পর্যটন কর্পোরেশন নিজেদের জায়গায় তিনমাস ব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজন করেছে। আয়োজকরা ইসিএ আইন লংঘন করেনি এবং পরিবেশের কোন ক্ষতি করেনি।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান পরিদর্শন শেষে বলেন, কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি। কিছু গাছ ঝড়ে উপড়ে পড়েছিলো সেগুলো আমরা কেটে সংরক্ষণ করে বিক্রি করে রাজস্ব কোষাগারে জমা দিয়েছি। যে গাছগুলোর গুড়ি এখনো সেখানে আছে। পাশাপাশি বিমান চলাচলের জন্য গাছের উপরের কিছু অংশ সিভিল এভিয়েশন ট্রিমিং করেছে যা আমরা অবগত আছি। মুলত এখানে কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি।
পরিদর্শন শেষে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির বলেছেন, কার্নিভালের জন্য গাছ কাটার প্রশ্নই আসেনা। পুরোনো কিছু গাছের গুড়ি দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে গাছ কেটেছে বলে কিন্ত বিষয়টি সত্য নয়। কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি এবং কাটা হবেওনা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জলপরীর এআই ছবি ছড়ানো হচ্ছে দাবি করে তিনি বলেন, কার্নিভালে জলপরীর ভাস্কর্য নেই অথচ অনেকে জলপরীর ভাস্কর্য আছে বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি কাউকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম কবীর, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) কাজী তারিকুর রহমান, পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক এহসানুল কবির, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা পর্যটন কার্নিভাল সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।