রামুতে জয়বাংলা ঐক্য পরিষদের উপজেলা সহ-সভাপতি ইমরুল হাসান মামুন গ্রেপ্তার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

রামুতে জয়বাংলা ঐক্য পরিষদের উপজেলা সহ-সভাপতি ইমরুল হাসান মামুন গ্রেপ্তার

রামুতে জয়বাংলা ঐক্য পরিষদের উপজেলা সহ-সভাপতি ইমরুল হাসান মামুন গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে জয়বাংলা ঐক্য পরিষদ রামু উপজেলা শাখার সহ-সভাপতি ইমরুল হাসান মামুন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রামু থানা পুলিশের একটি দল উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ইমরুল হাসান মামুন রামু উপজেলার পূর্ব রাজারকুল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. ইউনুস ও হাসিনা আক্তারের ছেলে। তাঁর বাড়ি রাজারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।

রামু থানা পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




বাপেক্সের দেশীয় প্রযুক্তির সাফল্য

ইনানীতে ৩১ দিন পর নিয়ন্ত্রণে গ্যাসের আগুন

ইনানীতে ৩১ দিন পর নিয়ন্ত্রণে গ্যাসের আগুন
ছবি সংগৃহীত।

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার ইনানীতে নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুন দীর্ঘ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
দীর্ঘদিনের টানা প্রস্তুতি ও কারিগরি কার্যক্রম শেষে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংস্থাটির বিশেষজ্ঞ দল।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আগুন নিয়ন্ত্রণে মূল অভিযান শুরু করা হলেও আলোস্বল্পতার কারণে সন্ধ্যায় তা স্থগিত করা হয়।
সুত্র মতে, শুক্রবার সকাল ৭টায় আবার অভিযান শুরুর পরিকল্পনা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে ত্রুটি মেরামত, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুত শেষে সকাল ৯টার দিকে পুনরায় অভিযান শুরু হয়।
বাপেক্স সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে গত ১৪ দিন ধরে ২০ জন কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করেছেন। প্রতিদিন প্রায় ১৯ ঘণ্টা পর্যন্ত নিরবচ্ছিন্ন প্রস্তুতি ও কারিগরি কার্যক্রম চালিয়েছেন বিশেষজ্ঞ দলটি।
তাদের পরিকল্পনা অনুযায়ী, গভীরে পাইপ স্থাপন করে উচ্চচাপে বিশেষ কাদামিশ্রিত তরল প্রবেশ করিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের প্রক্রিয়া অনুসরণ করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরবর্তী ধাপে সিমেন্ট প্রয়োগের মাধ্যমে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পুরো অভিযানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জ্বলন্ত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা। দেশীয় প্রযুক্তি ও বাপেক্সের নিজস্ব দক্ষতায় অভিযান সফল হওয়ায় সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে মাত্র ১ থেকে ২ কোটি টাকা। অথচ বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হলে এই কাজে ব্যয় হতে পারতো ১০০ থেকে ১৫০ কোটি টাকা।
সংশ্লিষ্টদের মতে, এ অভিযানে বিপুল অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের নিজস্ব প্রযুক্তি ও কারিগরি সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জিত হয়েছে। তবে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার কাজ শেষ হলেই পুরো কার্যক্রমের চূড়ান্ত সমাপ্তি ঘটবে।
 

যা বলছেন বিশেষজ্ঞরা:
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান বলেন, আমরা ২৪ ঘণ্টার ভিতরে প্রায় ১৯ ঘণ্টা ধরেই কাজ করেছি।
তিনি বলেন, আমরা ইকুইপমেন্টগুলো সেটআপ করে প্রথমে আগুনটাকে ডাইভার্ট করেছি। তারপর গ্যাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
তিনি গ্যাসের প্রেশার দেখে আশা করছেন, এখানে ৪০০ পিএসআই এর মতো গ্যাস আছে।
তিনি বলেন, আমরা এখানে ৬০০ পিএসআই ওভারব্যালেন্স দিয়ে গ্যাসটা যাতে না আসে, সেই ব্যবস্থা প্রাথমিকভাবে এনশিওর করব।
বাপেক্স প্রজেক্ট কর্মকর্তা আনিছুর রহমান বলেন, একটা পাইপ আমরা প্রথম রান করেছি ৩০ ইঞ্চি। তার ভিতর দিয়ে ওদের ড্রিলিং করা ১,০০০ ফিট পর্যন্ত বটমে যাওয়ার পর ওখানে মাড সার্কুলেশন দিয়ে ওয়েলটাকে আগে কন্ট্রোল করব। কন্ট্রোল করার পর আমরা সিমেন্ট দিয়ে তারপর এটাকে পার্মানেন্টলি বন্ধ করব।
তিনি বলেন, ​আমাদের আরেকটা টিম আসতেছে, সেটা সার্ভে টিম। তারাও করবে, তারপরে আবার আরেকটা সার্ভে টিম আসবে—জিওলজিক্যাল সার্ভে। টু-ডি একটা সার্ভে করবে। করার পরে ফাইনাল হবে- কোন জায়গায় ড্রিলিংটা হবে বা কী পরিমাণ গ্যাস মজুদ আছে, সেটা নির্ধারিত হবে।
প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যতটুকু জানি হয়তো এই আগামী মাস—এটা তো নভেম্বর, ডিসেম্বর মাসেই হয়তো সার্ভেটা শুরু হয়ে যাবে।
তিনি বলেন, আমরা ধারণা করছি ৪০০ থেকে ৫০০ পিএসআই গ্যাস আছে। হাইড্রোস্ট্যাটিক হেড হলে ৫০০ পিএসআই-এর মতোই আসে। তো বাস্তবেও আমরা যেটা দেখতেছি ৪০০ থেকে ৫০০ পিএসআই-এর মতো গ্যাস আছে। আগে থেকে যা ছিল, এখনো তাই আছে—হয়তো ওয়াটারের পরিমাণ কিছু কমে-বাড়ে।
​আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে ছোট আকারে—দুই-তিন কিলোমিটারের মধ্যে কাজ করা হবে। এটা নিশ্চিত হলে পরে ডিটেইল করবে সার্ভে করা হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, দীর্ঘ ৩১ দিন পর ইনানীতে গ্যাসের আগুন বাপেক্সের বিশেষজ্ঞ দলের নিরলস প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
এ কাজে সংশ্লিষ্ট সব সংস্থা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।


যেভাবে আগুনের সুত্রপাত:
গত ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী (ছোট ব্রিজ সংলগ্ন) এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে প্রবল চাপে প্রাকৃতিক গ্যাস বের হতে শুরু করে। পরে কাছাকাছি থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সেই গ্যাসে আগুন ধরে যায়।
ছোট ব্রিজ এলাকার বাসিন্দা মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় ৭০০ ফুট গভীর একটি নলকূপ খনন করেও খাওয়ার উপযোগী পানি পাওয়া যায়নি। তাই গত ২৬ অক্টোবর থেকে পাশেই নতুন করে আরেকটি গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেন শ্রমিকরা।
পরদিন ২৭ অক্টোবর সকালে প্রায় ১,০০০ ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর পর হঠাৎ মাটির নিচ থেকে প্রবল চাপে গ্যাস উঠতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কূপের মুখ ও আশপাশের কয়েকটি ফাটল দিয়ে আগুন ছড়িয়ে পড়ে।
অবশেষে ৩১ দিনের মাথায় শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাপেক্সের বিশেষজ্ঞ দল ৩০ ইঞ্চি কেসিং এবং ডাইভার্ট লাইন স্থাপন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।


পরে কী হবে:
প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের পর কূপটি সিমেন্টিংয়ের মাধ্যমে সুরক্ষিত করে সেখানে বাণিজ্যিক গ্যাসের মজুত আছে কিনা, তা যাচাই করতে ভূতাত্ত্বিক ও সিসমিক (থ্রিডি) জরিপ চালানো হবে।
বাপেক্স বিশেষজ্ঞরা বিষয়টি নিশ্চিত করেছেন।




ধুমছাকাটা-হাসনাকাটা যাতায়াতে ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি

ধুমছাকাটা-হাসনাকাটা যাতায়াতে ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা থেকে হাসনাকাটা যাতায়াতের পথে ঈদগড় বড় খালের ওপর কাঠের সেতু নির্মাণ করা হচ্ছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের চলাচল সহজ করতে সেতু নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসীম উদ্দিন।

এই উদ্যোগ বাস্তবায়নে তাঁর নেতৃত্বে সহযোগিতা করছেন স্থানীয় ইউপি সদস্য খোরশেদ মেম্বার ও মুবিন মেম্বার। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় কাঠের সেতু নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সেতুটি নির্মিত হলে ধুমছাকাটা থেকে হাসনাকাটাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেকটা সহজ হবে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বর্ষা মৌসুমে খালের পানি বাড়লে পারাপারে যে দুর্ভোগ ও ঝুঁকি তৈরি হয়, তা থেকেও স্বস্তি মিলবে বলে আশা করছেন এলাকাবাসী।

এ ছাড়া কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারে নিতে পারবেন। ব্যবসায়ী, চাকরিজীবী, রোগী ও সাধারণ পথচারীদের চলাচলেও ইতিবাচক পরিবর্তন আসবে। জরুরি প্রয়োজনে রোগীদের দ্রুত যাতায়াত এবং স্থানীয় মানুষের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, একটি কাঠের সেতু শুধু দুই পাড়ের মানুষের মধ্যে সংযোগ তৈরি করবে না, বরং শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসীম উদ্দিনের নেতৃত্বে এই জনকল্যাণমূলক উদ্যোগ সফলভাবে শেষ হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের এমন জনবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাঁদের।




রামুর চেইন্দায় সিমেন্টের খুঁটি সরাতে গিয়ে প্রাণ গেল যুবকের

রামুর চেইন্দায় সিমেন্টের খুঁটি সরাতে গিয়ে প্রাণ গেল যুবকের
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা চরপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মোহাম্মদ আরিফ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আরিফ চেইন্দা চরপাড়ার বাসিন্দা আলতাজ আহমদ ওরফে গুরা পুতুর মেজো ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দিবাগত রাত ২টার দিকে পাশের বাড়িতে সিমেন্টের খুঁটি সরানোর সময় অসতর্কতাবশত দুর্ঘটনার শিকার হন তিনি। পরে ফজরের আজানের পর পরিবারের সদস্যরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর ১২টায় চেইন্দা চরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।