রামুতে কিংবদন্তি ফুটবলার ছিদ্দিক আহমদের স্মরণসভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

রামুতে কিংবদন্তি ফুটবলার ছিদ্দিক আহমদের স্মরণসভা অনুষ্ঠিত

রামুতে কিংবদন্তি ফুটবলার ছিদ্দিক আহমদের স্মরণসভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

রামু সোনালি অতীত ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক কৃতী ফুটবলার ও রামুর ক্রীড়াঙ্গনের অভিভাবক ছিদ্দিক আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাতে রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন রামু সোনালি অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু।

কিংবদন্তি ফুটবলার ছিদ্দিক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে স্মরণসভায় বক্তারা বলেন, ছিদ্দিক আহমদ ছিলেন কক্সবাজারের ফুটবল অঙ্গনের এক কিংবদন্তি ব্যক্তিত্ব। তাঁর বর্ণাঢ্য ক্রীড়াজীবন ও অবদানে সমৃদ্ধ হয়েছে রামু ও কক্সবাজারের ক্রীড়াঙ্গন। খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়ানুরাগীদের হৃদয়ে তিনি চিরদিন বেঁচে থাকবেন। জেলার ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ও শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

বক্তারা আরও বলেন, কিংবদন্তি ক্রীড়াব্যক্তিত্ব ছিদ্দিক আহমদের খেলোয়াড়ি জীবন ও চর্চা নতুন প্রজন্মের জন্য খেলার মাঠের কৌশল ও সফল হওয়ার শ্রেষ্ঠ পাঠশালা। তাঁর মতো কঠোর অনুশীলন, পরিশ্রম, মানসিক দৃঢ়তা এবং নৈতিক মূল্যবোধ আজকের প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি যেমন সফল ক্রীড়াবিদ ছিলেন, তেমনি সমাজের একজন ব্যক্তিত্ববান ও ধার্মিক মানুষও ছিলেন।

রামু সোনালি অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রয়াত ফুটবলার ছিদ্দিক আহমদের একমাত্র ছেলে ফয়সাল রানা।

স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রামু সোনালি অতীত ফুটবল ক্লাবের অর্থ সম্পাদক আবদুর রহিম, ত্রিপিটক পাঠ করেন নির্বাহী সদস্য বিপুল বড়ুয়া আব্বু এবং গীতা পাঠ করেন সাবেক কৃতী ফুটবলার ডা. রবীন্দ্র শর্মা।

প্রয়াত এই কিংবদন্তি ফুটবলারের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে অম্লান করে রাখতে রামু সোনালি অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ‘কিংবদন্তি ফুটবলার ছিদ্দিক আহমদ স্মরণসভা’য় বক্তৃতা করেন সত্তর-আশির দশকের কৃতী ফুটবলার ও রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সবীর বড়ুয়া বুলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি কিশোর বড়ুয়া, সাবেক কৃতী ফুটবলার ও অবসরপ্রাপ্ত ডাকঘর কর্মকর্তা বিমল বড়ুয়া, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, ডা. রবীন্দ্র শর্মা, ব্যোমকেশ বড়ুয়া বুনু, বদরুল হুদা, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ও রামু সোনালি অতীত ফুটবল ক্লাবের সহসভাপতি মো. নবু আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলার সহসভাপতি প্রকৌশলী তরুণ বড়ুয়া, রামু সোনালি অতীত ফুটবল ক্লাবের সহসভাপতি সুশান্ত পাল বাচ্চু, সজল বড়ুয়া, ক্লাবের সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, ব্যাংকার চন্দন দাশগুপ্ত, সংস্কৃতিকর্মী পুলক বড়ুয়া, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দীন, নুরুল হক চৌধুরী, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুকুমার বড়ুয়া বুলু, চিত্রশিল্পী ও শিক্ষক সংগীত বড়ুয়া, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক ও ক্লাবের ক্রীড়া সম্পাদক সুপন বড়ুয়া শিপন, রামু মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা আবুল মনছুর, রামু প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শওকত ইসলাম, কক্সবাজার জেলা স্কাউটিং প্রশিক্ষক রফিকুল ইসলাম সোহেল, ক্লাবের প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, নির্বাহী সদস্য বিপুল বড়ুয়া আব্বু, চম্পক বড়ুয়া, সদস্য টিটু বড়ুয়া, সুহাস বড়ুয়া, নজরুল ইসলাম, সমাজসেবক মনোয়ারুল আলম প্রমুখ।

বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। স্মরণসভায় সাবেক ও বর্তমান প্রজন্মের ফুটবলার, ক্রীড়ানুরাগী, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রামু সোনালি অতীত ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কক্সবাজার সোনালি অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ গত ২ নভেম্বর মৃত্যুবরণ করেন।

স্মরণসভায় তাঁর সতীর্থরা জানান, সত্তর-আশির দশকে রামুর ঐতিহ্যবাহী ক্রীড়া সংঘ ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে তিনি ফুটবল অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন। পরবর্তী সময়ে চট্টগ্রামের রাইজিং স্টার ফুটবল ক্লাব ও চট্টগ্রাম পিডিবি ফুটবল ক্লাবের হয়ে নিয়মিত ফুটবল খেলেছেন। ক্রীড়ানৈপুণ্যে তিনি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিতি অর্জন করেন। আশি-নব্বইয়ের দশকের পুরো সময় তিনি কক্সবাজার জেলা ফুটবল দলের হয়ে নিয়মিত খেলেছেন।

১৯৯০ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় শেরেবাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কর্ণফুলী জোন চ্যাম্পিয়ন হয় কক্সবাজার জেলা ফুটবল দল। ওই টুর্নামেন্টে সারা দেশের মধ্যে অপরাজিত থেকে তৃতীয় স্থান অর্জনকারী কক্সবাজার জেলা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন ছিদ্দিক আহমদ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিক আহমদ মৃত্যুর আগ পর্যন্ত কক্সবাজার সোনালি অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সদস্য, রামু মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা, রামু লট উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং রামু সোনালি অতীত ফুটবল ক্লাবের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।




চকরিয়ায় কয়লার আগুনে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

চকরিয়ায় কয়লার আগুনে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় কয়লার ইস্ত্রির আগুন থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ছোট ভাই হাফেজ ওমর ফারুক (১৩) মারা যায়। গুরুতর দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহও (১৬) মারা গেছে। মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি।

নিহত দুই ভাই পশ্চিম কাহারিয়া ঘোনার বাসিন্দা মাওলানা ফজল কাদেরের সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়লে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় ঘরে থাকা দুই ভাই অগ্নিদগ্ধ হয়। ঘটনাস্থলেই ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা শাখার আমির আরিফুল কবির। তাঁদের পক্ষ থেকে পরিবারটির হাতে নগদ অর্থসহ মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মো. ইশফাতুল হাসান ইশফাত।

দুই সন্তানকে হারিয়ে পরিবারটির ওপর নেমে এসেছে অপূরণীয় শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পশ্চিম কাহারিয়া ঘোনাসহ পুরো চকরিয়া এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।




রামুতে ধানকাটা শ্রমিকের দ্বিগুণ দামে হতাশ চাষিরা

রামুতে ধানকাটা শ্রমিকের দ্বিগুণ দামে হতাশ চাষিরা
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে কৃষকদের স্বপ্নের সোনালি আমন ধান কাটা শুরু হয়েছে। তবে ধান কাটায় শ্রমিকের দ্বিগুণ দামে হতাশ হয়ে পড়েছেন চাষিরা।

জানা যায়, উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, খুনিয়াপালং, জোয়ারিয়ানালা, চাকমারকুল ও ঈদগড় ইউনিয়নের প্রান্তিক গ্রামাঞ্চলে চলতি মৌসুমে সোনালি আমন ধান কাটার হিড়িক পড়েছে। কিন্তু শ্রমিকের চড়া দামে হিমশিম খাচ্ছেন চাষিরা। দলবদ্ধ হয়ে শ্রমিকরা চাষিদের বাড়ি বাড়ি গিয়ে দ্বিগুণ মজুরিতে ধান কাটছেন। ফলে নিরুপায় হয়েই বেশি দামে শ্রমিক নিতে হচ্ছে কৃষকদের।

১৬ নভেম্বর ঈদগড় বাজারের বিভিন্ন পয়েন্টে শ্রমিক কেনাবেচার দৃশ্য চোখে পড়ে। দুই-চারজন বা পাঁচ-ছয়জনের ছোট-বড় দলে বিভক্ত হয়ে মৌসুমভিত্তিক ধান কাটার কাজে আসেন তারা। বিশেষ করে সোমবার ও শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ স্থানে শ্রমিক কেনাবেচা হয়ে থাকে।

রোহিঙ্গা ক্যাম্পের ৭ ও ৮ নম্বর ব্লকের কয়েকজন শ্রমিক জানান, বসে বসে সময় কাটাতে ভালো লাগে না, তাই ধান কাটার কাজে যোগ দিয়েছেন। মজুরি কত জানতে চাইলে তাঁরা দৈনিক ৮০০ থেকে ৯০০ টাকা পারিশ্রমিক পাওয়ার কথা জানান। বাজারে আসা গর্জনিয়ার আবদুল হক নামের আরেক শ্রমিক জানান, স্থানীয়রা কম লোকজনকে কাজে নেন। ন্যায্য মজুরি না পেলে এই মৌসুমে কাজ করা কষ্টকর।

সচেতন মহল জানান, চলতি মৌসুমে ধান কাটার মাঠ মূলত ভিনদেশি শ্রমিকের দখলে চলে গেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোহিঙ্গা শ্রমিকের কারণে স্থানীয় শ্রমিক ও কর্মজীবীরা অনেকটা কোণঠাসা। এর ফলে বহু চাষি স্থানীয় শ্রমিকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

শ্রমিক নিতে আসা শামসুল আলম নামের এক চাষি জানান, ৯০০ থেকে ১ হাজার টাকা মজুরি দিয়েও অনেক সময় শ্রমিক মেলাতে পারছেন না, ফলে বাধ্য হয়ে চড়া দামেই শ্রমিক নিতে হচ্ছে।




ঝাউগাছ কেটে পর্যটকের বিনোদন আয়োজন

ঝাউগাছ কেটে পর্যটকের বিনোদন আয়োজন
ছবি সংগৃহীত।

পর্যটকদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে তিন মাসব্যাপী উৎসব। সেই উৎসবের আয়োজন সাজাতে গিয়ে কেটে ফেলা হয়েছে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে পরিচিত বহু বছরের পুরোনো ঝাউগাছ। কোথাও একসঙ্গে পড়ে আছে কাটা গাছের মোটা মোটা গুঁড়ি, কোথাও চলছে আয়োজনের অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের কাজ। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে শুরু হওয়া ‘কক্স কার্নিভাল’ ঘিরে এমন দৃশ্যই জন্ম দিয়েছে পরিবেশগত উদ্বেগের।

পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এই আয়োজন করা হলেও এর জন্য সৈকতসংলগ্ন ঝাউবাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে। 

পরিবেশবাদীদের প্রশ্ন, যে প্রাকৃতিক সৌন্দর্য ও উপকূলীয় পরিবেশের ওপর দাঁড়িয়ে কক্সবাজারের পর্যটনশিল্প, সেই প্রকৃতিই যদি উৎসবের অবকাঠামো নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই আয়োজনের সার্থকতা কোথায়?

কার্নিভালের পরিসর বাড়াতে গিয়ে ঝাউবাগানের গাছ কেটে ফেলার বিষয়টি সামনে আসার পর স্থানীয় পরিবেশকর্মী, সংবাদকর্মী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রতিবাদ ও সমালোচনা। তাদের অভিযোগ, পর্যটন উন্নয়নের নামে উপকূলের পরিবেশের সঙ্গে এমন আপস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কক্সবাজারের সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগান কেবল সৌন্দর্যবর্ধনের উপাদান নয়, উপকূলীয় পরিবেশেরও গুরুত্বপূর্ণ অংশ। ঝাউগাছের শিকড় বালু ধরে রাখতে সহায়তা করে। পাশাপাশি উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কমানো এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব গাছের ভূমিকা রয়েছে।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে বিদ্যমান সবুজ আচ্ছাদন রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বহু বছর ধরে বেড়ে ওঠা গাছ কেটে ফেলার ক্ষতি তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘ মেয়াদে এর প্রভাব পড়তে পারে উপকূলীয় প্রতিবেশব্যবস্থায়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পর্যটন খাতের বিকাশে উৎসব হতেই পারে, আমরা এর পরিপন্থী নই। কিন্তু এভাবে বহু বছরের পুরোনো ও প্রাকৃতিক ঝাউবাগান কেটে সাফ করে কার্নিভাল আয়োজন করা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঝাউবাগান না কেটে চাইলে বর্তমানে বাণিজ্য মেলা আয়োজিত খোলা মাঠে বা অন্য কোনো উপযুক্ত স্থানে এই তিন মাসব্যাপী কর্মসূচি পালন করা যেত। গাছ কেটে এমন আয়োজন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

তার মতে, পর্যটনশিল্পের বিকাশের জন্য প্রকৃতিকে অক্ষত রাখা জরুরি। কারণ কক্সবাজারের পর্যটনের প্রধান আকর্ষণই হচ্ছে সমুদ্র, সৈকত ও এর প্রাকৃতিক পরিবেশ। সেই পরিবেশ ধ্বংস করে পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ দীর্ঘ মেয়াদে পর্যটনশিল্পের জন্যও ক্ষতিকর হয়ে উঠতে পারে।

ঝাউগাছ কাটার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উদ্বেগ ও ক্ষোভের কথা তুলে ধরেছেন। তাদের এসব পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রতিবাদকারীদের প্রশ্ন, তিন মাসব্যাপী একটি উৎসব আয়োজনের জন্য কি উপকূলের পুরোনো ঝাউবাগান কেটে ফেলতে হবে? সৈকতসংলগ্ন এলাকায় গাছ না কেটে বিকল্প কোনো স্থানে আয়োজন করার সুযোগ ছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

ঝাউগাছ কাটার অভিযোগের বিষয়ে বন বিভাগের বক্তব্য জানতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানানো হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, এ বিষয়ে জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ঝাউগাছ কাটা বা পরিবেশ ধ্বংসের বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের আশঙ্কা, পর্যটন অবকাঠামো নির্মাণের নামে নির্বিচারে গাছ কাটা হলে কক্সবাজারের উপকূলীয় প্রতিবেশব্যবস্থায় দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। 

তাদের দাবি, কার্নিভালের জন্য ঠিক কতটি গাছ কাটা হয়েছে, কোন কর্তৃপক্ষের অনুমতিতে কাটা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা দ্রুত তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বনায়নের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

পর্যটনশিল্পের বিকাশে উৎসব, বিনোদন ও আধুনিক অবকাঠামোর প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সেই আয়োজনের জন্য যদি উপকূলের প্রাকৃতিক সম্পদই ধ্বংস করা হয়, তাহলে তা কতটা টেকসই উন্নয়ন হবে, সেই প্রশ্ন থেকেই যায়।

কক্সবাজারের সবচেয়ে বড় সম্পদ কোনো অস্থায়ী মঞ্চ, আলোকসজ্জা কিংবা উৎসবের আয়োজন নয়; এর সমুদ্রসৈকত, ঝাউবাগান ও প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের আকৃষ্ট করতে গিয়ে সেই সৌন্দর্যেরই ক্ষতি হলে উৎসব শেষে থেকে যাবে পরিবেশের ক্ষত। তাই কক্স কার্নিভালের আয়োজনের পাশাপাশি ঝাউগাছ কাটার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও উপকূলের পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। এমনটাই মনে করছেন পরিবেশ সংশ্লিষ্টরা।