রাউজানে বিএনপির দুই হেভিওয়েটসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে বিএনপির মনোনীত দুই হেভিওয়েট প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমার কাছে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাঁর পুত্র সাকের কাদের চৌধুরী। এর কিছুক্ষণ পরই চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহেদুল ইসলাম মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির অপর মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মো. গোলাম আকবর খোন্দকার।
একই দিন ১২ দলীয় জোটের পক্ষে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান মঞ্জু এবং গণসংহতি আন্দোলনের নাছির উদ্দীন তালুকদার জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে গত রবিবার (২৮ ডিসেম্বর) বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা অধ্যক্ষ ইলিয়াছ নূরী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
গোলাম আকবর খোন্দকারের মনোনয়নপত্র জমাদানকালে রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র জমাদানের সময় রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা ও সদস্য সচিব ফিরোজ আহম্মদসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে দলীয় সূত্রে জানা গেছে, কৌশলগত কারণে একাধিক প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিলেও শেষ পর্যন্ত কেন্দ্র থেকে একজনকে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেওয়া হবে।








