রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের রাউজানে সড়ক পারাপারের সময় ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. নুরুল ইসলাম টিটু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের জলিল নগর আমানিয়া হোটেলের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম টিটু বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লেলেঙ্গারার অছি মিয়া সারাংয়ের বাড়ির আনজু মিয়া সারাংয়ের ছেলে। তিনি একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। বর্তমানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের রাউজান জোনাল অফিসের অধীন বিনাজুরী শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের রাউজান মডেল শাখার জোনাল ম্যানেজার সুজন বড়ুয়া বলেন, ‘নুরুল ইসলাম টিটু একজন গ্রাহকের বোনাসের ফাইল জমা দিয়ে অফিস থেকে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর জানতে পারি, আমাদের একজন কর্মকর্তা দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে আমরা সবাই নিচে নেমে অফিস থেকে প্রায় ২০০ মিটার দূরে সড়কের ওপর পলিথিনে ঢাকা তাঁর মরদেহ দেখতে পাই। পরনের শার্ট ও চেহারার অংশবিশেষ দেখে আমরা মরদেহ শনাক্ত করি। পরে তাঁর বাড়িতে আমাদের একজন প্রতিনিধি পাঠিয়ে স্ত্রীকে খবর দেওয়া হয়।’

তিনি বলেন, ঘটনাস্থলে টিটুর এক ভাগনিও উপস্থিত ছিলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানতে চান, ‘আমার মামাকে চিনেছেন? এটা কি আমার মামা?’

অপরদিকে, সড়কের দুই পাশে অবৈধ ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অবরোধ তুলে নিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে আসা রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘সড়কের দুই পাশে ট্রাক, বাস ও অটোরিকশা যত্রতত্র পার্কিং করে রাখা হয়। এতে চার লেনের মহাসড়ক কার্যত দুই লেনে পরিণত হয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আজও একই কারণে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এ বিষয়ে হাইওয়ে পুলিশের তেমন কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।’

দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন, রাউজান থানার ওসি সাইফুল ইসলাম ও রাউজান হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার ঘটনাস্থলে যান। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন বলেন, সড়ক পারাপারের সময় নুরুল ইসলাম টিটু (৫৫) নামে বিনাজুরী ইউনিয়নের একজন সাবেক ইউপি সদস্য ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে রাউজান থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ঘটনার পর চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক দখল করে গাড়ি পার্কিংয়ের বিষয়ে এএসপি বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এর আগেও একাধিকবার কথা বলা হয়েছে। তাঁরা সাময়িকভাবে গাড়ি সরিয়ে নিলেও পরে আবার সড়ক দখল করে পার্কিং করেন। তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




গরুর রশিতে পঁচিয়ে সিএনজি অটোরিকশা দুর্ঘটনা: মালিকপক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪

গরুর রশিতে পঁচিয়ে সিএনজি অটোরিকশা দুর্ঘটনা: মালিকপক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪
ছবি সংগৃহীত।

ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানা সংলগ্ন গহিরা-হেয়াকো সড়কের ওপর গরু চরানোর সময় গরুর সঙ্গে বাঁধা রশিতে একটি সিএনজি অটোরিকশা আটকে উল্টে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি অটোরিকশাও উল্টে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে গরুর মালিকপক্ষের হামলায় তিন যাত্রী ও এক পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আছরের পর ভূজপুর থানা সংলগ্ন উত্তর পাশে গহিরা-হেয়াকো সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর অবৈধভাবে গরু চরানোর সময় গরুর রশিতে চলন্ত একটি সিএনজি অটোরিকশা আটকে যায়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। একই সময় সেটির সঙ্গে ধাক্কা লেগে পাশ দিয়ে যাওয়া আরেকটি অটোরিকশাও উল্টে যায়।

এ নিয়ে উভয় গাড়ির যাত্রীদের সঙ্গে স্থানীয় গরুর মালিকপক্ষের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গরুর মালিক ও তাঁর কয়েকজন প্রতিবেশী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আলী আহাম্মদ (পিতা: আবুল হাসেম), মো. জিহান (পিতা: মো. জামাল) ও মো. পারভেজ (পিতা: আমির হোসেন) আহত হন। এ ছাড়া এক অন্তঃসত্ত্বা যাত্রীও আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় হামলাকারীরা পুলিশের সঙ্গেও তর্কে জড়ায় এবং গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে পুলিশ জানিয়েছে।

হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টাকালে ভূজপুর থানার এএসআই মো. মিজান আহত হন। পুলিশের দাবি, হামলাকারীদের হাতে থাকা কাঁচির আঘাতে তাঁর হাতের বাহু কেটে যায়। পরে তাঁর বাহুতে সেলাই দেওয়া হয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মো. ফুল মিয়া (৪০), হুসাইন আহমদ গুরু (২৫) ও মোহাম্মদ নয়ন (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ফুল মিয়া ও হুসাইন আহমদ গুরু পূর্ব ভূজপুর সওদাগরপাড়া এলাকার শামছুল আলমের ছেলে এবং মোহাম্মদ নয়ন একই এলাকার আবুল আজিজের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় ভূজপুর থানায় মামলা হয়েছে (মামলা নং-০৬, তারিখ: ২০/০৯/২০২৬ খ্রি.)।

আহতদের উদ্ধার করে প্রথমে ভূজপুর জেনারেল হাসপাতালে এবং পরে নাজিরহাট ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মাথা, ঘাড়, পা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা ও ফাটা জখম হয়েছে। কয়েকজনকে সেলাই দেওয়া হয়েছে এবং একজনের পায়ে প্লাস্টার করা হয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় গরুর মালিকপক্ষ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় এবং গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে আসতে বাধা দেওয়ার চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘ওই ঘটনায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।’




ফটিকছড়িতে মাদক, কিশোর অপরাধ রোধে এলাকাবাসীর র‍্যালি ও সমাবেশ

ফটিকছড়িতে মাদক, কিশোর অপরাধ রোধে এলাকাবাসীর র‍্যালি ও সমাবেশ
ছবি সংগৃহীত।

মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ করেছে এলাকাবাসী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সিএন্ডবি মাঠে পাইন্দং সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ফটিকছড়ি সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে মিলিত হয়।

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য আবু আজম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, বিশেষ অতিথি ছিলেন পাইন্দং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল করিম চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।

উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহাবুল আলম চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা এম. এন. নুরুল আনোয়ার, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, অধ্যাপক (অব.) এনামুল হক চৌধুরী, ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জ্যোতি কর খীসা, উপাধ্যক্ষ জামাল উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহ- সভাপতি মনছুর আলম চৌধুরী এবং পাইন্দং বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন মাসুদুল আলম চৌধুরী। এ ছাড়াও পাইন্দং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুদ্দীন সুমন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল মালেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, কৃষক দলের সহ- সভাপতি শামসুল আলম, বিএনপি নেতা রহিম উদ্দিন, যুবদল নেতা এম. আলাউদ্দীন ও মানিক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরী, সাধারণ সম্পাদক আয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাঈমুল বাশার রিয়াদ, ছাত্রনেতা আরিফ, উপজেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক আমিনুল হক সুমনসহ স্থানীয় নেতাকর্মী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার ও সমাজের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনগুলোকেও কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।




সাংবাদিককে হুমকির অভিযোগে হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত

সাংবাদিককে হুমকির অভিযোগে হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত
ছবি সংগৃহীত।

হাটহাজারীতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. মুমিনুল হককে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উত্তর মাদার্শা স্বেচ্ছাসেবক দল।

হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আসিফ মিজানের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে মুমিনুল হককে সংগঠনের পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, চৌধুরীহাট নার্সিং হোমে পাঁচ মাসের গর্ভের সন্তান মৃত প্রসবের অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে যান কয়েকজন সাংবাদিক। এ সময় সাংবাদিকদের নার্সিং হোম থেকে বের হয়ে যেতে বলা এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মুমিনুল হকের বিরুদ্ধে।

এর আগে একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ইনজেকশন দেওয়ার পর গর্ভের সন্তান মৃত প্রসবের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন অনলাইন মাধ্যম। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের সঙ্গে মুমিনের আচরণ নিয়ে অভিযোগ ওঠার পর তা দলীয় পর্যায়ে নজরে আসে।

ঘটনাটি জানার পর প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি দলীয় নেতা-কর্মীদের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে মুমিনুল হককে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, সাংবাদিকদের কাজে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বাধা দেওয়ার অভিযোগে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের মতে, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তবে চৌধুরীহাট নার্সিং হোমে পাঁচ মাসের গর্ভের সন্তান মৃত প্রসবের ঘটনায় চিকিৎসায় অবহেলা, ইনজেকশন প্রয়োগের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি এবং মৃত সন্তান প্রসবের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। এসব অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

এ ছাড়া ঘটনার সময় নার্সিং হোমে উপস্থিত কয়েকজন সাংবাদিক পরবর্তী সময়ে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে সংবাদ প্রকাশ না করে ফিরে গেছেন—এমন অভিযোগও সামনে এসেছে। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।