রাউজানে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় অদুদিয়া জামে মসজিদে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মসজিদে খতমে কুরআন সম্পন্ন করা হয়। এরপর দুপুরে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান আল কাদেরী এবং মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মোরশেদ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা। এসময় অন্যদের মধ্যে জেলা যুবদল নেতা সেলিম উদ্দিন, রাউজান তাঁতি দলের আহ্বায়ক নূরনবী, উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ দিদারুল আলম ও নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি নেতা দিদারুল আলম ওয়াহেদীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করেন। দোয়া মাহফিলে উপজেলার যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।








