মীরসরাইয়ে শিশুকে পিটিয়ে হত্যা: নারীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মীরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে নূর আব্দুল্লাহ নামে তিন বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এর আগে নিহত শিশুর দাদি জোসনারা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের বিবি রহিমা (৫৫), তাঁর ছেলে মো. মাহফুজ (৩৩) এবং আমজাদ হোসেন ওরফে বাদশা মিয়া (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মোস্তফা ভূঁইয়া বাড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে জোসনারা বেগমের পরিবারের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এসময় নূর আব্দুল্লাহ তাঁর দাদির কাছে গেলে হামলাকারীরা শিশুটির মাথায় সজোরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, শিশু হত্যার ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি মো. দ্বীন ইসলামসহ অন্য পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।








