মীরসরাইয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

চট্টগ্রামের মীরসরাইয়ে মেয়াদী বীমার মাত্র তিন বছরের কিস্তি পরিশোধের পর মৃত এক প্রবাসীর পরিবারকে ৬ লক্ষ ১০ হাজার ৮৭৫ টাকার মৃত্যু দাবির চেক প্রদান করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে মীরসরাই সদর সার্ভিসিং সেলের উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসী গ্রাহক সঞ্জয় কুমার দে ১২ বছর মেয়াদী একটি সঞ্চয় বীমা পলিসি গ্রহণ করেছিলেন। তিন বছরে মাত্র ১ লক্ষ ৯৪ হাজার টাকা প্রিমিয়াম জমা দেওয়ার পর তিনি প্রবাসে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মাত্র দেড় মাসের মাথায় মেয়াদের অবশিষ্টাংশ মওকুফ করে পূর্ণ বীমা দাবির টাকা তার স্ত্রী টুম্পা ঘোষের হাতে তুলে দেওয়া হয়।
সার্ভিসিং সেলের ইনচার্জ ও উপ-মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইপিএল আইরিশের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জসিম উদ্দিন, বারইয়ারহাট সার্ভিসিং সেলের মহাব্যবস্থাপক মুহাম্মদ আইয়ুব খাঁন এবং চট্টগ্রাম সার্ভিস সেন্টারের মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন।
বক্তারা বলেন, বীমা যে কেবল সঞ্চয় নয়, বরং বিপদে পরিবারের বড় সুরক্ষা কবচ, এই দ্রুততম সময়ে দাবি পরিশোধ তার অন্যতম প্রমাণ। অনুষ্ঠানে মীরসরাই সার্ভিসিং সেলের শাখা ব্যবস্থাপক মো. আনিছুল হক শিমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








