মিরসরাইয়ে শতাধিক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ে তীব্র শীতে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক প্রতিবন্ধীর হাতে এই উষ্ণ উপহার তুলে দেন। এসময় তিনি বলেন, "তীব্র শীতে প্রতিবন্ধী ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। প্রতিবন্ধী মো. আনোয়ার হোসেন ও ছোটন চন্দ্র নাথ জানান, হাড়কাঁপানো শীতে এতদিন মানবেতর জীবনযাপন করলেও আজ কম্বল পেয়ে তারা স্বস্তিবোধ করছেন।
উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের সভাপতি ইশতিয়াক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. আইয়ুব খান, আনোয়ার হোসেন ও শফিকুল ইসলাম শিমুল। এছাড়া আইনজীবী অ্যাডভোকেট সরওয়ার নিজামী, শিক্ষক মো. রহিম উদ্দিন ও সাংবাদিক এম আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।








