মিরসরাই-হেঁয়াকো সড়কে ডাকাতির প্রস্তুতি, যুবদল কর্মীসহ আটক ৩

ফেনী-রামগড় বাইপাস সড়কের (উত্তর ফটিকছড়ি-মিরসরাই) নয়টিলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে যুবদল কর্মীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সঁপে দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হেঁয়াকোর অদূরে নয়টিলা মাজার এলাকায় পাহারারত স্থানীয় জনতা সন্দেহজনকভাবে অবস্থান নেওয়া কয়েকজনকে ঘেরাও করেন। এ সময় তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক তিনজনের মধ্যে একজন ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের কর্মী আনোয়ার হোসেন বাদশা। তার বাবার নাম মিয়া। অপর দুজন মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি-মিরসরাই সড়কের নয়টিলা এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতির ঘটনা ঘটছে। এতে ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি রোধে স্থানীয়রা দীর্ঘদিন ধরে রাতে পাহারা দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে কয়েকজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে স্থানীয়রা তাদের ঘেরাও করেন। এ সময় তিনজনকে আটক করা সম্ভব হলেও কয়েকজন পালিয়ে যায়।
পরে খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত কিছুদিন ধরে বৃহত্তর ফটিকছড়ির বিভিন্ন সড়ক ও গ্রামে চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সড়ক বা বাড়িঘরে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।











