জামায়াতের কর্মকাণ্ডে দ্বিচারিতা স্পষ্ট: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও বাস্তবে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ইসলামী মূল্যবোধ কীভাবে প্রচার করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে জামায়াতের শেখার পরামর্শও দিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ পরামর্শ দেন। রাশেদ খাঁন বলেন, জামায়াত মুখে এক কথা বললেও তাদের কার্যক্রমে পরস্পরবিরোধিতা স্পষ্ট। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জামায়াতের রাজনৈতিক বক্তব্যের ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই। জামায়াতকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, ইসলামের মূল্যবোধ কীভাবে প্রচার করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে আপনারা শিখুন। আপনারা ইসলাম ও ইসলামী মূল্যবোধ থেকে অনেক দূরে সরে গেছেন। এটি জামায়াতের কাছ থেকে দেশের জনগণ প্রত্যাশা করে না। তিনি আরও বলেন, একদিকে ইসলামের কথা বলা হচ্ছে, অন্যদিকে জামায়াতের কার্যক্রম ও কথাবার্তায় দ্বিচারিতা স্পষ্ট। আগামী ডিসেম্বর মাসে সরকারকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা রাজপথে থাকবেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ইসলামী মূল্যবোধ ও দেশের জনগণের দাবিকে সামনে রেখে হেফাজতে ইসলাম সবসময় কাজ করেছে। আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী মূল্যবোধের চর্চা করতে গিয়ে সংগঠনটির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনার কথাও সবাই জানেন। তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের এতটুকু বলতে পারি—বিএনপি সরকার হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পরিচালিত কথিত গণহত্যা এবং শাপলা চত্বরের ঘটনার বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎকালে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। একই সঙ্গে রাষ্ট্র পুনর্গঠনে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











