বোয়ালখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল বসতঘর, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ভস্মীভূত

চট্টগ্রামের বোয়ালখালীতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি হারুনুর রশীদ জানান, মধ্যরাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘরসহ ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। আগুনে তাঁর ব্যবসার ২ লাখ ২২ হাজার নগদ টাকা এবং মেয়ের ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ভস্মীভূত হয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি মাওলানা ইসমাঈলের বাড়িতে সপরিবারে বসবাস করে আসছিলেন।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৬ কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৪ লাখ টাকার সমপরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।”









