বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন আরও দুই শিক্ষার্থী, কধুরখীল মাদ্রাসায় নতুন করে উচ্ছ্বাস
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন আরও দুই শিক্ষার্থী, কধুরখীল মাদ্রাসায় নতুন করে উচ্ছ্বাস

বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন আরও দুই শিক্ষার্থী, কধুরখীল মাদ্রাসায় নতুন করে উচ্ছ্বাস
ছবি সংগৃহীত।

বোয়ালখালী উপজেলার কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বোর্ড চ্যালেঞ্জে ফল পরিবর্তিত হওয়ায় নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী মুহাম্মদ ইয়াসিন রেজা ও তাহছিনা ইয়ামিন তারান্নুম। এর আগে মূল ফলাফলে মাদ্রাসাটির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিলেন সাঈদাতুন নুর মুনতাহা।

প্রথম প্রকাশিত ফলাফলে ইয়াসিন রেজার জিপিএ ছিল ৪.৮৩ এবং তাহছিনা ইয়ামিন তারান্নুমের ছিল ৪.৯৩। পরে ফল পুনর্নিরীক্ষণে উভয়ের ফলাফল পরিবর্তিত হয়ে জিপিএ-৫ আসে।

ইয়াসিনের স্বপ্ন প্রশাসনিক ক্যাডার, তাহছিনা হতে চান শিক্ষক

মুহাম্মদ ইয়াসিন রেজা বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তাঁর বাবা মাওলানা মুহাম্মদ রেজাউল করিম এবং মা শায়রা পারভীন। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। আলিম পরীক্ষায় ১ হাজার ৫০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ১ হাজার ২২০।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসছেন ইয়াসিন। পঞ্চম শ্রেণিতে সরকারি বৃত্তি অর্জনের পাশাপাশি দাখিল পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। শিক্ষাজীবনের শুরুতে আল আমিন ইসলামিক ইনস্টিটিউটে পড়লেও ষষ্ঠ শ্রেণি থেকে আলিম পর্যন্ত কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ভবিষ্যতে প্রশাসনিক ক্যাডারে যোগ দিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান ইয়াসিন।

অন্যদিকে একই মাদ্রাসার শিক্ষার্থী তাহছিনা ইয়ামিন তারান্নুমও বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁর বাবা আবদুর রহিম এবং মা জেবুন নাহার। আলিম পরীক্ষায় ১ হাজার ৫০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ১ হাজার ২০৮। ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তাহছিনা; শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য কাজ করতে চান তিনি।

এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী সাঈদাতুন নুর মুনতাহা জিপিএ-৫ অর্জন করেন। তখন বোয়ালখালী উপজেলার ছয়টি মাদ্রাসার মধ্যে তিনিই ছিলেন একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নের কথা জানিয়েছিলেন মুনতাহা।

শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দিত মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুল হক। তিনি বলেন, জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা মেধাবী ও মনোযোগী। পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় তারা এ সাফল্য অর্জন করেছে। বোর্ড চ্যালেঞ্জের পর একই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

ইয়াসিনের বাবা মাওলানা মুহাম্মদ রেজাউল করিম বলেন, ছোটবেলা থেকেই ইয়াসিন পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী। তাঁর এ অর্জনে বাবা-মা হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত। সন্তানের স্বপ্ন পূরণে সবার দোয়া কামনা করছি।

তাহছিনার বাবা আবদুর রহিম বলেন, প্রথম প্রকাশিত ফলাফলে মেয়ের জিপিএ-৪.৯৩ আসার পরও আমরা আশাবাদী ছিলাম। ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর পরিশ্রম ও অধ্যবসায়ের যথাযথ স্বীকৃতি মিলেছে। ভবিষ্যতে তিনি একজন আদর্শ শিক্ষক হয়ে মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিক, এটাই আমাদের প্রত্যাশা।

মুনতাহার বাবা মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াস শিকদারও মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেছিলেন, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে, এটাই তাদের প্রত্যাশা।

উল্লেখ্য, কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় ৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ৩৩ জন। প্রথম প্রকাশিত ফলাফলে একজন জিপিএ-৫ পেলেও বোর্ড চ্যালেঞ্জের পর আরও দুইজনের ফল পরিবর্তন হওয়ায় মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা তিনজনে পৌঁছাল।




৩৩ বছর শিক্ষকতার পর বিপ্লব সরকারের রাজকীয় বিদায়

৩৩ বছর শিক্ষকতার পর বিপ্লব সরকারের রাজকীয় বিদায়
ছবি সংগৃহীত।

গলায় পুষ্পমাল্য, হাতে সম্মাননা স্মারক ও নানা উপহার নিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন তিনি। দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের শেষ কর্মদিবসে এভাবেই রাজকীয় বিদায় নিলেন শিক্ষক বিপ্লব সরকার।

নিষ্ঠাবান শিক্ষক হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকারকে এই সম্মাননা জানানো হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে তাঁর এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ের মুহূর্তে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের হলরুমে পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।

সহকারী শিক্ষক প্রজীব কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক সদস্য মো. সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজি আবু আকতার, পৌরসভা বিএনপি নেতা মো. লোকমান, শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, দিল আফরোজ রিতা, সেলিম মাহমুদ, শরিফ জাহান, মাহবুবুর রশীদ, কান্তা তেওয়ারি, রিমি বড়ুয়া, মোছাম্মৎ মাওয়া, রাজীব চৌধুরী ও মোহাম্মদ রফিকসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

অনুষ্ঠানে অতিথিরা ও শিক্ষার্থী-অভিভাবকেরা বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকারের দীর্ঘ ৩৩ বছরের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। পরে বিদায়ী শিক্ষক নিজের অনুভূতি ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেন।




পদ্ম গোখরার ছোবলে নিভে গেল ২১ মাস বয়সী শিশু আবদুল্লাহর প্রাণ

পদ্ম গোখরার ছোবলে নিভে গেল ২১ মাস বয়সী শিশু আবদুল্লাহর প্রাণ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বোয়ালখালীতে বিষধর পদ্ম গোখরার ছোবলে আবদুল্লাহ (২১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু আবদুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা খান বাহাদুর পাড়ার প্রবাসী ওসমান আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার পর ঘরের ভেতরে থাকা অবস্থায় হঠাৎ কান্নাকাটি শুরু করে আবদুল্লাহ। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি স্বাভাবিক মনে করলেও কিছুক্ষণের মধ্যেই একটি সাপকে সরে যেতে দেখেন। পরে শিশুটির বগলের নিচে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায় এবং সাপটির ছবি দেখে এটিকে বিষধর পদ্ম গোখরা হিসেবে শনাক্ত করা হয়।

শিশুটির চাচা তাহসিন জানান, ঘটনার পরপরই আবদুল্লাহকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগের পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অ্যান্টিভেনম প্রয়োগের পরও শিশুটিকে বাঁচাতে না পেরে গভীর শোক ও আক্ষেপ প্রকাশ করেছেন স্বজনরা।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মমিতা দাশ শিশুটিকে অ্যান্টিভেনম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ধোরলা খান বাহাদুর পাড়া ও আমুচিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের ৩ জন গ্রেপ্তার

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের ৩ জন গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. রাজা মিয়া (৪৮) শ্রীপুর এলাকার মফজল সওদাগর বাড়ির বাসিন্দা এবং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তাকে বুড়ো মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সারোয়াতলীর খিতাবচর এলাকার ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মাইনুল ইসলাম (১৯) ও ইরফানুল হক জিসানকে (১৯) সারোয়াতলী থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।