বোয়ালখালীতে অনুমোদনহীন ইটভাটা, ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

বোয়ালখালীতে অনুমোদনহীন ইটভাটা, ৫০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে অনুমোদনহীন ইটভাটা, ৫০ হাজার টাকা জরিমানা
ছবি সংগৃহীত।

বোয়ালখালীতে অনুমোদনহীনভাবে নির্মাণাধীন একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার চরখিজিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ (খ) ধারা অনুযায়ী ইটভাটার মালিক হাজী রফিক আহমদকে (৮৪)—যাঁর পিতা মৃত বকশু মিয়া—৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে; তবে অভিযুক্ত ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়নি।

নির্মাণাধীন ইটভাটাটির আগের নাম ছিল ‘শাহ মোহসেন আউলিয়া’। বর্তমানে নাম পরিবর্তন করে এটি ‘ডি অ্যান্ড সি’ রাখা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ভাটার সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন ও বিধিবিধান মেনে ইটভাটাসহ সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণের জন্য এলাকাবাসী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।




বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার

বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

বোয়ালখালীতে পুলিশের অভিযানে অজিত বিশ্বাস (৫২) ও মো. আলতাফ হোসেন (৪২) নামের দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তার অজিত বিশ্বাস উপজেলার আমুচিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য। তিনি ধীরেন্দ্র লাল বিশ্বাসের ছেলে।

অন্যদিকে, মো. আলতাফ হোসেন বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম গোমদণ্ডী রায়খালী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার দুই আসামিকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।




বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা সংসদের বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা সংসদের বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন
ছবি সংগৃহীত।

বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা সংসদ বোয়ালখালী উপজেলা কমান্ডের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন—যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মীর ছগির আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও বীর মুক্তিযোদ্ধা সাহাব মিয়া।

এতে আরও উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা আলী মদন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল আকবর, বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের আগস্ট ও নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশ যখন চরম রাজনৈতিক সংকট, ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছিল এবং আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল, ঠিক তখনই সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত জাগরণ দেশকে এক চরম বিপর্যয় থেকে রক্ষা করে। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সব শহীদের, স্মরণ করছি ৭৫-এর ৭ই নভেম্বরের বিপ্লবে শাহাদাতবরণকারী বীর সিপাহী ও জনতাকে এবং গভীর শ্রদ্ধা জানাই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি।




বিএনপির কর্মসূচিতে বেজে উঠলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
ছবি সংগৃহীত।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বিএনপির দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচিতে বেজে উঠলো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা গান।

শনিবার (৭ নভেম্বর) সকালে নগরের আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশের দাবি, ইউটিউব থেকে একের পর এক গান বাজানোর সময় অসতর্কতাবশত গানটি চালু হয়ে যায়। বিষয়টি জানার পর দ্রুত সেটি বন্ধ করে দেওয়া হয়। তবে বিএনপির নেতারা জানান, কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। এ সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা ও সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান মোবাইল ফোনে  জানান, দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ফলে বিষয়টি জানতে পারেননি। তবে কারা গানটি বাজিয়েছেন, তা খোঁজ নিয়ে দেখবেন।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নগরের বিভিন্ন এলাকায় দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তাঁর নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল  জানান, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও তাদের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকরা জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যে কোনো একপর্যায়ে গানটি বেজে ওঠে। পরে দ্রুত তা বন্ধ করে দেওয়া হয়। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।