বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং যেকোনো ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, এখন থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট থেকে তা রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
এতে আরও বলা হয়, সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড বন্ধের পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে।
দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ফার্মেসিসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
এসব সিদ্ধান্ত বাস্তবায়ন ও তদারকির জন্য সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি ও ডেসকোসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকেও সিদ্ধান্তটি জানানো হয়েছে।










