বিদেশে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: অধ্যক্ষ নুরুল আমীন

আওয়ামী লীগ বিদেশে বসে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি সদরে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আয়োজিত এক বিশাল গণমিছিল পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ নুরুল আমীন বলেন, “স্বৈরাচারী শক্তি দেশ ছেড়ে পালিয়ে এখন বিদেশ থেকে হুমকি দিচ্ছে। আমরা আহ্বান জানাই, বিদেশে বসে ষড়যন্ত্র না করে দেশে ফিরে এসে অপরাধের জন্য আইনের মুখোমুখি হোন।” তিনি আরও মন্তব্য করেন, কোনো ষড়যন্ত্র দিয়েই জনগণের রায় ঠেকানো যাবে না।
বেকারত্ব দূরীকরণ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে নুরুল আমীন বলেন, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট একটি সুবিচারপূর্ণ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সংগ্রাম করছে। নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত গড়ে তুলতে গণভোটে ‘হ্যাঁ’ মার্কায় ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে শুরু হওয়া গণমিছিলটি বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জানে আলম কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর জব্বার, ফটিকছড়ি উপজেলা আমির নাজিম উদ্দিন ইমু এবং ভূজপুর থানা আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম।








