বান্দরবানে সিএনজি উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১

বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে চিম্বুক সড়কের বার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাগরিয়া এলাকার মো. হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মৌসুমি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তিনজন কাঁচামাল ব্যবসায়ী পাহাড় থেকে পেঁপে ক্রয়ের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চিম্বুকের দিকে যাচ্ছিলেন। পথে বার মাইল এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয় এবং তার সাথে থাকা অন্য একজন ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, “চিম্বুক সড়কে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় একজন ব্যবসায়ী নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”











