বান্দরবানে সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি গঠিত, সভাপতি চথুইপ্রু, সম্পাদক থুইমং প্রু

বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই উদযাপন কমিটি গঠিত হয়েছে। এতে সর্ব সম্মতি ক্রমে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চথুইপ্রুকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক থুইমংপ্রুকে সাধারন সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উৎসব উদযাপন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক উ: উাইংসিং চৌধুরী (জনসন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়,পূর্বের কমিটি বাতিল করে স্থানীয় মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ২১ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
উপদেষ্টা কমিটিতে রাজকুমার চহ্লাপ্রু জিমীকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া কুমার সাচক্র, রাজকুমার মংশৈপ্রু, কুমার সাশৈপ্রু, রাজকুমার নুমংপ্রু এবং বীর মুক্তিযোদ্ধা মংশৈ হ্লা চৌধুরীসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি উপদেষ্টা হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত উৎসব উদযাপন কমিটি জানায়, আগামী ১৩ এপ্রিল থেকে বান্দরবানে বসবাসরত মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হবে। উৎসবকে আরও প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটি আশা প্রকাশ করে, সম্মিলিত প্রচেষ্টায় এবারের সাংগ্রাই উৎসব ঝাঁকঝমকপূর্ণভাবে উদযাপিত হবে।










