বান্দরবানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল সেনাবাহিনী

বান্দরবানে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর সদরের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকার মো. সাইফুল ইসলাম ও আবুল কালাম। এর মধ্যে সাইফুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের বান্দরবান জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জোনের সদস্যরা বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, চারটি মুঠোফোন এবং একটি অ্যান্টি-কাটার জব্দ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় মাদক কারবার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
গ্রেপ্তারের পরপরই সেনাবাহিনী তাদের বান্দরবান সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, “দুই মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”









