বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন: অর্থমন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন: অর্থমন্ত্রী

বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন: অর্থমন্ত্রী
ছবি সংগৃহীত।

এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখানে বিনিয়োগের অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদের যেতে হবে। পোর্টের কার্যক্রম আরও উন্নততর করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে।

বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে। 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক পরিকল্পনা আছে। এগুলোতো এক কথায় বলা যাবে না।

সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। 
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে আসেন।  

সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন তিনি।

এরপর জুমার নামাজ আদায় করবেন নগরের কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে।

নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন অর্থমন্ত্রী। একই স্থানে বিকেলে তিনটায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বন্দর সেবাদানকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। পরে রাত আটটা ২৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রামে আসার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি।

একটি নির্বাচিত সংসদ, সরকার হয়েছে। বাংলাদেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা পূরণে আমাদের সকলে মিলে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে হবে।




চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : দগ্ধ ৯ জনকে নেয়া হচ্ছে ঢাকায়

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : দগ্ধ ৯ জনকে নেয়া হচ্ছে ঢাকায়
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের ৩য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন, “দগ্ধদের সবারই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।”

বিস্ফোরণে দগ্ধদের এক স্বজন জানিয়েছেন, ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার জন্য বলেছে মেডিকেল থেকে। পুড়ে যাওয়া রোগীদের জন্য যেকোনো সময় আইসিইউ প্রয়োজন হতে পারে। এখানে আইসিইউ কম, তাই ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে। আমরা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে ঢাকায় নিয়ে যাচ্ছি।

বার্ন ইউনিটের এক চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের ৩ জনের শরীর শতভাগ দগ্ধ হয়েছে। একজনের ৮০ শতাংশ, দুইজন ৪৫ শতাংশ বার্ন হয়েছে। এরা সবাই এডাল্ট পেসেন্ট। এছাড়া দুই শিশু ২৫ শতাংশ ও আরকে শিশু ২০ শতাংশ পুড়ে গেছে। বার্নের ক্ষেত্রে শিশুদের ১০ পার্সেন্ট ও এডাল্টের ১৫ পার্সেন্টের উপরে গেলে অবস্থা খারাপ বলে বিবেচনা করা হয়। তাদের যেকোনো সময় আইসিইউ লাগতে পারে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন—শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)।

জানা গেছে, সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ৬ তলা ভবনটির তৃতীয় তলার একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। বাসায় থাকা শিশুসহ ৯ জন দগ্ধ হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নেভায়।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো ভবন। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম তলা পর্যন্ত প্রতি ইউনিটের দরজা ভেঙে গেছে এবং ছিঁড়ে গেছে ভবনের লিফট।

বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, ‘ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। কোনো কারণে চুলা থেকে হয়তো গ্যাস লিক হয়েছিল, যে কারণে রান্নাঘরে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন।’




৩৮ কোটি টাকার শুল্ক ফাঁকি, ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

৩৮ কোটি টাকার শুল্ক ফাঁকি, ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ছবি সংগৃহীত।

বন্ড সুবিধার আওতায় টাইলস আমদানির পর তা রপ্তানি না করে জাল কাগজপত্রের মাধ্যমে ৩৮ কোটি ৮৬ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক ধীরাজ চন্দ্র বর্মন।

মামলার আসামিরা হলেন, হাসান শরিফ (৬২),মো. জিয়া উদ্দিন (৪৫), খাজা শাহাদতউল্লাহ (৫৪), মো. জিয়াউর রহমান (৪৮),আদিল রিজওয়ান (৪১),মো. খায়রুজ্জামান (৪৬),মো. শহিদুল হক (৫৭), হাসান শাহীন (৫০), দীপান্বিতা বড়ুয়া (৬৯) ও সুরীত বড়ুয়া (৭০)।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসে আসামিরা জাল-জালিয়াতির মাধ্যমে রপ্তানির ভুয়া কাগজপত্র তৈরি করে বন্ড সুবিধায় চীন থেকে টাইলস আমদানি করে ৩৮ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ১০০ টাকা ৪৭ পয়সা শুল্ক ফাঁকি অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০ ও ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে।  তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় বাংলাদেশ-তাইওয়ান সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৩ সালে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান হিসেবে বন্ড লাইসেন্স গ্রহণ করে। ২০১৩ সাল থেকে সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি ৬২টি বিল অব এন্ট্রির মাধ্যমে ‘আনফিনিশড টাইলস’ ঘোষণা দিয়ে ২২ হাজার ৯৪৩ দশমিক ৬৫ মেট্রিক টন টাইলস আমদানি করে।

তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সংস্থার অনুসন্ধানে দেখা যায়, আমদানি করা পণ্যগুলো প্রকৃতপক্ষে সম্পূর্ণ প্রস্তুতকৃত (ফিনিশড) টাইলস। এজাহারে আরও বলা হয়েছে, আমদানিকৃত টাইলস প্রসেসিং করে শতভাগ রপ্তানির বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি ৮০টি বিল অব এক্সপোর্ট দেখিয়ে রপ্তানির কাগজপত্র দাখিল করে। ব্যাংকের মাধ্যমে রপ্তানি মূল্য আসার তথ্যও উপস্থাপন করা হয়। কিন্তু সংশ্লিষ্ট অফ-ডক কর্তৃপক্ষ ও শিপিং এজেন্টরা লিখিতভাবে জানায়, তাদের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কোনো রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয়নি এবং দাখিল করা বিল অব লেডিং তাদের ইস্যুকৃত নয়।
এছাড়া চালান পরীক্ষণের দায়িত্বে থাকা দুই রাজস্ব কর্মকর্তা জিজ্ঞাসাবাদে জানান, তাদের স্বাক্ষর জাল করা হয়েছে এবং তারা সংশ্লিষ্ট চালান পরীক্ষা করেননি।




চট্টগ্রাম বন্দরে দুই দিনের ছুটিতেও খাদ্যপণ্য খালাস করা যাবে

চট্টগ্রাম বন্দরে দুই দিনের ছুটিতেও খাদ্যপণ্য খালাস করা যাবে
ছবি সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম বন্দরে দুই দিনের ছুটি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর। ১১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮টা থেকে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টা নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় খাদ্যপণ্য খালাসে জাহাজ ও লাইটারে কাজ করা যাবে। এজন্য অতি অতিরিক্ত মাশুল দিতে হবে।

আদেশে জানানো হয়, ‍শুল্ক কর্তৃপক্ষ ও বন্দর কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত ছুটির দিকে বিশেষ ব্যবস্থায় এবং বিধি মোতাবেক অতিরিক্ত মাশুল (চার্জ) দেওয়ার সাপেক্ষে জাহাজ/লাইটারসমূহে কাজ করা যাবে। খাদ্য, ত্রাণ ও অন্যান্য সামগ্রীর সঙ্গে সম্পর্কযুক্ত বাণিজ্যিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরিচালক (ট্রাফিক) বা তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পূর্বেই অবহিত করতে হবে।

উক্ত সময়ে ট্রাফিক বিভাগের অধীনস্থ (পানগাঁও আইসিটি ও ঢাকাস্থ আইসিডিসহ) সব অপারেশনাল কার্যক্রম পরিচালনার স্বার্থে পর্যাপ্ত জনবল বুকিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও জানানো হয়, ছুটির সময়সূচি অনুযায়ী বন্দর অভ্যন্তরে জনতা ব্যাংক, ওয়ান ব্যাংকসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদিত অন্যান্য ব্যাংকের বুথসমূহ এবং কাস্টমস হাউজে সোনালী ব্যাংক, শুল্ক বিভাগের সংশ্লিষ্ট শাখা এবং সব প্রাইভেট ডিপোসমূহকে সুষ্ঠুভাবে অপারেশনাল কার্যক্রম পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োজিত করে খোলা রাখার জন্য অনুরোধ করা গেল।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।