বাঁশখালীতে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে লাইসেন্সবিহীন ইট প্রস্তুত ও জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের দায়ে একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন। তিনি জানান, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুত এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩’ (সংশোধিত ২০১৯)-এর ৪ ও ৬ নম্বর ধারা লঙ্ঘন করায় ‘মেসার্স মদিনা ব্রিকস’-কে এই অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন বলেন, “পরিবেশ রক্ষা ও অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ ও প্রসিকিউটর জান্নাতুল ফেরদৌস, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদারসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।






