বর্ণাঢ্য আয়োজনে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ৪টায় রামগড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করেন নেতাকর্মীরা। র্যালিটি রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন—খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া। এছাড়া বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো. বাহা উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীমসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন বলেন, "১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বেলা ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করেছে।"
আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।











