ফেঁসে গেলেন টয়লেটে সন্তান প্রসবকারি কিশোরী, মা ও খালাসহ ৩ জন কারাগারে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

ফেঁসে গেলেন টয়লেটে সন্তান প্রসবকারি কিশোরী, মা ও খালাসহ ৩ জন কারাগারে

ফেঁসে গেলেন টয়লেটে সন্তান প্রসবকারি কিশোরী, মা ও খালাসহ ৩ জন কারাগারে
ছবি সংগৃহীত।

টয়লেটের কমোডে সন্তান প্রসব এবং সদ্যজাত সন্তানকে কমোডে ফেলে চলে যাওয়ার ঘটনায় ‘হত্যাচেষ্টা’র মামলা হয়েছে কক্সবাজারের ঈদগাঁও থানায়। গত সোমবার রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতল এলাকায় টয়লেটে সন্তান প্রসবের ওই ঘটনা ঘটে।

ওই মামলায় কিশোরী প্রসূতি তাসফিয়া জান্নাত তামান্না, তার মা রোজিনা আক্তার ও খালা মর্জিনাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১১ নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় ওই কিশোরীর কথিত প্রেমিক চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জালাল আহমদের ছেলে টমটম চালক আবুল কালামকে প্রধান আসামি করা হয়েছে।

সুত্রমতে, তাদের আদালতে সোপর্দ করার পর শুনানি শেষে প্রসূতি মা ও তার দুই নিকটাত্মীয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই সাথে সদ্যপ্রসূত শিশুটিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। মামলার আইনজীবী এডভোকেট মোবারক সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারাগারে পাঠানো নবজাতকের মায়ের চিকিৎসার প্রয়োজন হলে কারা কর্তৃপক্ষের তত্বাবধানে হাসপাতালে নবজাতকের পাশে রেখে মাকে চিকিৎসা দেয়ার বিষয়টি বিবেচনার জন্য আদালতের নিকট আর্জি জানিয়েছি।

ইতোপূর্বে বুধবার দিনের বেলা গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে ‘জনস্বার্থে’ মামলাটি করেছেন এলাকার যুবক মোর্শেদ কামাল। মামলায় কথিত প্রেমিকসহ ৪ জনকে আসামি করা হয়।

এদিকে ঘটনার একদিন পর প্রধান আসামি আবুল কালাম দাবি করেন, তারা আগেই গোপনে বিয়ে করেছেন। যদিও তার আরেকজন স্ত্রী রয়েছেন।

তবে তার কথিত দ্বিতীয় স্ত্রীর গর্ভবতী হওয়া, টয়লেটের ভেতরে গর্ভপাত করে কমোডের ভেতর নবজাতককে হত্যার চেষ্টা করে পালিয়ে যাওয়া এবং ঘটনার পর থেকে স্ত্রী-সন্তানের খোঁজখবর না নেয়ার বিষয়ে জানতে চাইলে অসঙ্গতিপূর্ণ কথা বার্তা বলেন মোবাইলে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, এ জঘন্য ঘটনায় কোন ভাবেই ছাড় দেয়ার প্রশ্ন উঠে না। জন দাবি এবং অপরাধের মাত্রার নিরিখে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত সোমবার (০৮ নভেম্বর) রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলী ট্রাক পার্কিংস্থলের গণটয়লেটের কমোড থেকে সদ্যপ্রসূত এক ছেলেশিশু উদ্ধার করা হয়। পরে ঈদগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে চিহ্নিত হয় নবজাতক প্রসবকারী ও হত্যার চেষ্টাকারী ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা, বর্তমানে মোহাজের পাড়ার সৌদিপ্রবাসী জাফর আলমের কিশোরী কন্যা তাসফিয়া জান্নাত তামান্না (১৬)।




উখিয়ার শীর্ষ মাদককারবারি মুন্নাসহ ৪ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

উখিয়ার শীর্ষ মাদককারবারি মুন্নাসহ ৪ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
ছবি সংগৃহীত।

বন্দুক উঁচিয়ে প্রকাশ্যে প্রতিপক্ষের দিকে গুলি ছুঁড়ছেন এক যুবক, তার পাশে কিরিচ হাতে ভয়ভীতি দেখাতে মহড়া দিচ্ছেন আরো দুইজন। এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল এই ভিডিওর ঘটনাটি ঘটে মায়ানমার সীমান্তের অদূরে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে। ওই যুবকরা প্রতিপক্ষের ওপর হামলা করার সময় ভিডিওটি ধারণ করা হয়। ঘটনার পরপরই ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আর এই ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ৪ জনকে গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ। ওই সময় উদ্ধার করা হয় ২টি অস্ত্র, ৪১ রাউন্ড গুলি, ১টি বন্দুকের ব্যারেল। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বিকালে গুলিবর্ষণ ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ওই ঘটনা ঘটে।

ওসি আতিকুর রহমান বলেন, বুধবার বিকেলে মাদক ব্যবসা ও বটতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারী তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি সাখাওয়াত হোসেন মুন্নাকে শনাক্তের পর ঘটনায় উপস্থিত তার ৩ সহযোগী মিজান, আরফাত হোসেন ও আবু তাহেরসহ তাকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়।

বিজিবি-এসআরবির সহযোগিতায় অভিযানকালে ব্যবহৃত ২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জড়িত অন্যদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত আছে বলেও জানান ওসি।

ভিডিও দৃশ্য ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, কথিত জয়নাল বাহিনীর সদস্য মুন্না বন্দুক উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি করতে থাকেন। হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা। পরে বিজিবি-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বটতলী এলাকার বাসিন্দাদের তথ্যমতে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখা ও ইউপি সদস্য নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জয়নাল আবেদীনের আপন ভাগিনা মুন্না পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। জয়নাল আবেদীন ও আবুল ফয়েজ দুইজনই পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ২০২১ সালের নভেম্বরে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ সাখাওয়াত হোসেন মুন্না এসআরবির হাতে (তৎকালিন র‍্যাব) গ্রেপ্তার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে মাদক-মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে।

অন্যদিকে আবুল ফয়েজ সাংবাদিকদের বলেন, আমার জনপ্রিয়তা ও ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।

ঘটনার পর ফেসবুক লাইভ করে মুন্নার মামা জয়নাল দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে তার নাম জড়ানো হচ্ছে এবং তিনি ঘটনাস্থলে ছিলেন না। 

ওসি আতিকুর রহমান জানান, গুলির ঘটনায় অস্ত্র এবং দ্রুত বিচার আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হবে।




কক্সবাজার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, ৭ আইনজীবীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কক্সবাজার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, ৭ আইনজীবীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
ছবি সংগৃহীত।

কক্সবাজার আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার ঘটনায় ৭ আইনজীবির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। 
সদর কোর্ট ইন্সপেক্টর আবদুল বাতেন মৃধা বাদী হয়ে ১০ নভেম্বর থানায় মামলাটি করেন। 
এজাহারে উল্লেখিত আসামিরা হলেন, মাহমুদুল হক, মোহাম্মদ আলম, মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী, মো. দিদারুল আলম, মো. জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া ও নুরুল হোসাইন।
মামলায় আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ আলম ও মো. দিদারুল আলম। 
রাষ্ট্রীয়ভাবে কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল ও আদালতের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের হলো। 
সুত্রমতে, গত ১০ নভেম্বর টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল বশরকে আদালতে আনা হলে আওয়ামী পন্থী আইনজীবীরা ‘জয় বাংলা’সহ নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেন। ওই সময় আদালত চত্বরে হট্টগোল সৃষ্টি হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং সামাজিকমাধ্যম ও ইলেকট্রনিক মাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই ৭ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয় বলে জানান সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।




সাতকানিয়া-লোহাগাড়া সমিতি হোটেল-মোটেল জোনের সদস্য সংগ্রহ শুরু

সাতকানিয়া-লোহাগাড়া সমিতি হোটেল-মোটেল জোনের সদস্য সংগ্রহ শুরু
ছবি সংগৃহীত।

কক্সবাজারে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি, হোটেল-মোটেল জোনের উদ্যোগে সদস্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষে কলাতলী এলাকায় বিভিন্ন পর্যটন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত সাতকানিয়া-লোহাগাড়ার অধিবাসীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়েছে।

ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করা এবং কক্সবাজারে বসবাসরত সাতকানিয়া-লোহাগাড়ার অধিবাসীদের একটি সুসংগঠিত সাংগঠনিক কাঠামোর আওতায় নিয়ে আসার লক্ষ্যে এ সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

১১ নভেম্বর শুরুর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক হাসান তালুকদার, যুগ্ম আহ্বায়ক রফিকুল কাদের, আজিজুল হক ও মোঃ সোহেল, সদস্য সচিব মোহাম্মদ ফরিদ এবং সদস্য মোঃ ইলিয়াস, আবুল কাশেম, সাইফুল ইসলাম, মোঃ আলমগীর ও মাহমুদুল হক সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহযোগিতার মাধ্যমে সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করাই এ সংগঠনের মূল লক্ষ্য। এ জন্য হোটেল-মোটেল জোনে অবস্থানরত সাতকানিয়া-লোহাগাড়ার সকল অধিবাসীকে সমিতির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ