ফটিকছড়িতে ৩৩ পদের পিঠা নিয়ে উৎসবে মাতল শিক্ষার্থীরা

শীতের আমেজে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পিঠা উৎসব। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বাইতুল হিকমাহ মাদ্রাসার আয়োজনে এই উৎসবে ৩৩টি স্টলে স্থান পায় দেশীয় হরেক পদের পিঠা।
সোমবার সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক আবদুল মালেক। মাদ্রাসার অধ্যক্ষ এম. হাসানুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মহিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. হাসান, প্রচার সম্পাদক মো. আলী এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজি আবদুল মান্নান।
আয়োজকরা জানান, এটি এই মাদ্রাসার দ্বিতীয় পিঠা উৎসব। উৎসবে ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিতই, রস পিঠা ও নকশি পিঠাসহ ঐতিহ্যবাহী নানা পদের পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থী ও অভিভাবকরা। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ এম. হাসানুল আমিন বলেন, "যান্ত্রিকতার এই সময়ে আমাদের নতুন প্রজন্ম শেকড়ের ঐতিহ্য ভুলতে বসেছে। শিক্ষার্থীদের বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আগামীতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।"
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা মন্তব্য করেন, এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।








