ফটিকছড়িতে শান্তিপূর্ণ ভোট চলছে, কেন্দ্রে বাড়ছে উপস্থিতি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার ১৪০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।
সকাল পৌনে ৮টায় পাইন্দং শ্বেতকুয়া পাড়া কেন্দ্রে ভোট প্রদান করেন জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। ভোট দেওয়ার পর তিনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এর এক ঘণ্টা পর নুর আহমদ ইঞ্জিনিয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর। উভয় প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারীসহ অন্য ছয় প্রার্থীও নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেছেন।
তবে বেলা ১১টায় নাজিরহাট আহমদীয়া মাদরাসা কেন্দ্রে কিছুটা উত্তাপ ছড়ায়। জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইসমাইল গণি অভিযোগ করেন, “বিএনপির স্থানীয় নেতারা কেন্দ্রগুলোতে প্রিজাইডিং কর্মকর্তাদের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন এবং ভোটারদের প্রলুব্ধ করছেন।” বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
৪ লাখ ৮০ হাজার ৭৮৪ জন ভোটারের এই আসনে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।








