ফটিকছড়িতে ধানের শীষের সমর্থনে ছাত্রদলের সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের উদ্যোগে রাজঘাট চত্বরে আয়োজিত এই সমাবেশে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী সরওয়ার আলমগীর। প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদলকে রাজপথে সাহসী ভূমিকা পালন করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রদল নেতা গিয়াস আল মামুন বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে রাজপথে আরও সক্রিয় হতে হবে।”
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক একরাম উদ্দিনের সঞ্চালনায় এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা ছাত্রসমাজকে আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার শপথ করান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে এই সমাবেশে যোগ দেন।








