মহাসড়কে চলছে মোটরসাইকেলের বিপজ্জনক কসরত। কখনো সামনের চাকা তুলে হুইলিং, কখনো পাল্লা দিয়ে রেসিং, আবার কখনো চলন্ত অবস্থায় ভিডিও ধারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও লাইক পাওয়ার নেশায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে একদল উঠতি বয়সী তরুণের এমন কর্মকাণ্ডে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ যাত্রী, চালক ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা এ প্রবণতা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। বিশেষ করে শুক্র ও শনিবারসহ বিভিন্ন ছুটির দিনে বিকেলবেলা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব কর্মকাণ্ড বেশি দেখা যায়। স্থানীয় ও আশপাশের এলাকার একদল তরুণ মোটরসাইকেলের সামনের চাকা তুলে হুইলিং, দ্রুতগতিতে রেসিং, একাধিক মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা এবং চলন্ত অবস্থায় ভিডিও ধারণ করছেন।
শুধু স্ট্যান্টবাজি করেই থেমে থাকছেন না তাঁরা। এসব দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। কেউ মোটরসাইকেল চালানোর সময় নিজেই ভিডিও ধারণ করছেন, আবার কেউ সড়কের পাশে দাঁড়িয়ে এসব দৃশ্য ধারণ করছেন। ‘SA07’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত স্টান্টবাজির ভিডিও ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ব্যস্ত মহাসড়কে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক যান চলাচলও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকির পাশাপাশি একই ও বিপরীত দিক থেকে চলাচলকারী যানবাহনের যাত্রী এবং পথচারীরাও পড়ছেন বিপদের মুখে। স্টান্ট দেখতে সড়কের পাশে উৎসুক তরুণদের জটলা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধ করা না গেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দৌলত মিয়া বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি বন্ধে প্রশাসন ও হাইওয়ে পুলিশকে আরও কঠোর হতে হবে। কয়েকটি ভিউ ও লাইক পাওয়ার আশায় জীবনের ঝুঁকি নিয়ে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের সচেতন করা এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।’
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও পরিবহন নেতা মো. শাহজাহান বলেন, ‘মহাসড়কে বাইকারদের ঝুঁকিপূর্ণ স্ট্যান্টবাজি ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো বন্ধে কঠোর আইন প্রয়োগ জরুরি। এ ধরনের কর্মকাণ্ডে শুধু চালক নন, অন্য যানবাহনের যাত্রী ও পথচারীরাও দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন। তাই হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে নিয়মিত নজরদারি বাড়িয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
স্থানীয় বাসিন্দা মো. করিম বলেন, ‘এসব কর্মকাণ্ডের কারণে শিশু ও সাধারণ পথচারীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।’
পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।’
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. শামছুজ্জামান বলেন, ‘মহাসড়কে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। উঠতি বয়সের কিছু তরুণ অভিভাবকদের অগোচরে সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ ধরনের স্টান্ট করছে। এ ধরনের কর্মকাণ্ড মোটেও সমীচীন নয়। দুর্ঘটনা এড়াতে অভিভাবকদেরও তাঁদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানো প্রয়োজন।’
তিনি আরও জানান, মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।